প্রকাশিত: ১১ ঘন্টা আগে, ১১:৪৫ পিএম
অনলাইন সংস্করণ
মধ্যপ্রাচ্যে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আসন্ন ঈদুল আজহার তারিখ নির্ধারণ করেছে সৌদি আরব। দেশটির চাঁদ দেখা কমিটি রোববার (১৭ মে) সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে। ফলে আগামী ২৭ মে সৌদি আরবে উদ্যাপিত হবে মুসলিমদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, চাঁদ দেখার ভিত্তিতে সোমবার (১৮ মে) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী ২৬ মে পালিত হবে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা ‘ইয়াওমুল আরাফাহ’ বা আরাফাতের দিন, যার পরদিনই উদ্যাপিত হবে ঈদুল আজহা।
সৌদি আরবের এই ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে ইতোমধ্যেই দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশও ঈদের তারিখ নির্ধারণ করেছে। মালয়েশিয়ার ধর্মীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের দেশেও সোমবার থেকে জিলহজ মাস শুরু হচ্ছে এবং ২৭ মে ঈদুল আজহা উদ্যাপন করা হবে। একই সিদ্ধান্ত জানিয়েছে বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়াও।
প্রতি বছর সৌদি আরবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে বিশ্বজুড়ে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নির্ধারণে একটি রেফারেন্স তৈরি হয়। যদিও বিভিন্ন দেশে নিজস্ব চাঁদ দেখার ওপর নির্ভর করে একদিন আগে বা পরে ঈদ উদ্যাপনের নজির রয়েছে, তবুও সৌদির ঘোষণাকে কেন্দ্র করেই মুসলিম বিশ্বে প্রস্তুতি শুরু হয়।
এদিকে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে। তবে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, এ অঞ্চলেও সৌদির সঙ্গে কাছাকাছি সময়ে ঈদ উদ্যাপনের সম্ভাবনা রয়েছে।
ঈদুল আজহা মুসলিমদের জন্য ত্যাগ ও কোরবানির মহান আদর্শের প্রতীক। ইতোমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে কোরবানির পশুর বাজার, হজের প্রস্তুতি এবং ঈদকেন্দ্রিক নানা আয়োজন ঘিরে প্রস্তুতি শুরু হয়েছে।
বাংলাধারা/এসআর
মন্তব্য করুন