প্রকাশিত: ৯ ঘন্টা আগে, ০৪:১২ পিএম
অনলাইন সংস্করণ
রাজধানীতে আবাসিক গ্যাস গ্রাহকদের দীর্ঘদিনের ভোগান্তি, অস্বচ্ছ বিলিং ব্যবস্থা এবং অতিরিক্ত বিল আদায়ের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে দ্রুত প্রি-পেইড গ্যাস মিটার স্থাপন ও ব্যবহার অনুযায়ী ন্যায্য বিল নির্ধারণের দাবি জানানো হয়।
বুধবার (১০ জুন) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও আবাসিক গ্যাস গ্রাহকরা অংশ নেন। তারা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে ‘ন্যায্য বিল চাই’, ‘মিটার চাই’, ‘হয়রানিমুক্ত সেবা চাই’- এ ধরনের স্লোগান দেন।
বক্তারা বলেন, আবাসিক গ্যাস খাতে দীর্ঘদিন ধরে মিটারবিহীন ব্যবস্থার কারণে গ্রাহকদের প্রকৃত ব্যবহার অনুযায়ী বিল পরিশোধের সুযোগ নেই। ফলে গ্যাস সরবরাহ কম হলেও নির্ধারিত হারে বিল দিতে হচ্ছে, যা সাধারণ মানুষের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করছে। অনেক সময় গ্যাসের চাপ কম থাকা বা সরবরাহ বিঘ্নিত হলেও নির্ধারিত মাসিক বিল বাধ্যতামূলকভাবে পরিশোধ করতে হয়, যা অন্যায্য ও ভোগান্তিকর।
তারা আরও বলেন, প্রি-পেইড মিটার ব্যবস্থা চালু হলে গ্রাহক যতটুকু গ্যাস ব্যবহার করবেন, ততটুকুরই বিল দিতে হবে। এতে একদিকে স্বচ্ছতা নিশ্চিত হবে, অন্যদিকে গ্যাসের অপচয়ও কমবে। একই সঙ্গে সরকারি রাজস্ব ব্যবস্থাপনাও আরও কার্যকর হবে।
মানববন্ধন থেকে কয়েকটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে আবাসিক খাতে দ্রুত প্রি-পেইড গ্যাস মিটার স্থাপন, ব্যবহারভিত্তিক বিল ব্যবস্থা চালু, গ্যাস সরবরাহ না থাকলে বিল আদায় বন্ধ করা, অবৈধ সংযোগ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং গ্রাহকবান্ধব ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করা।
আয়োজকরা বলেন, গ্যাস একটি জাতীয় সম্পদ। এর সঠিক ও স্বচ্ছ ব্যবস্থাপনা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তিনির্ভর বিলিং ব্যবস্থা জরুরি। প্রি-পেইড মিটার চালু হলে গ্রাহক ও সরবরাহকারী উভয়ের মধ্যেই আস্থা ও স্বচ্ছতা তৈরি হবে।
মানববন্ধনে অংশ নেওয়া গ্রাহকরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তারা গ্যাস বিল ও সরবরাহ সংক্রান্ত জটিলতায় ভুগছেন। অনেক সময় গ্যাস না থাকলেও বিল দিতে হচ্ছে, যা অযৌক্তিক। দ্রুত এ সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ দাবি করেন তারা।
শেষে মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি গ্রাহকবান্ধব পদক্ষেপ গ্রহণ এবং দ্রুত প্রি-পেইড মিটার ব্যবস্থা চালুর আহ্বান জানানো হয়।
বাংলাধারা/এসআর
মন্তব্য করুন