ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ০৬:৪৭ পিএম

অনলাইন সংস্করণ

ময়মনসিংহে বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপির জন্য সম্ভাব্য স্থান পরিদর্শন

ছবি: বাংলাধারা

ময়মনসিংহে বিভাগীয় স্টেডিয়াম ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) স্থাপনের উদ্যোগে সম্ভাব্য দুটি স্থান পরিদর্শন করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রকল্পটি বাস্তবায়িত হলে এ অঞ্চলের ক্রীড়া অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি নতুন প্রতিভা বিকাশ এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

শনিবার (৪ জুলাই) দুপুরে নগরীর বাইপাস এলাকার বাদেকল্পা ও উজান বাড়েরা এলাকায় সম্ভাব্য স্থান দুটি পরিদর্শন করা হয়। এ সময় স্থানগুলোর পরিবেশ, যোগাযোগ ব্যবস্থা, ভূমি ব্যবস্থাপনা, ব্যয়-সংকোচনের বিষয় এবং অনুন্নত এলাকার উন্নয়নের সম্ভাবনা পর্যালোচনা করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আজিমুদ্দিন জানান, প্রকল্প বাস্তবায়নের জন্য উপযুক্ত স্থান নির্ধারণে বিভিন্ন কারিগরি ও প্রশাসনিক বিষয় বিবেচনায় নেওয়া হচ্ছে।

সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের নেতৃত্বে পরিদর্শন দলে ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনুজ্জামান রোকন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আজিমুদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরায়রা এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এ কে এম মাহাবুবুল আলম।

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার বলেন, বাইপাস সড়কের ক্যান্টনমেন্ট গেটসংলগ্ন বিপরীত পাশে পাশাপাশি দুটি স্থানে বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি স্থাপনের প্রাথমিক পরিকল্পনা রয়েছে। সরকারের ব্যয়-সংকোচন নীতি অনুসরণ করেই প্রকল্পের পরিকল্পনা এগিয়ে নেওয়া হচ্ছে।

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনুজ্জামান রোকন বলেন, বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপির পাশাপাশি ওই এলাকায় একটি পার্ক এবং নিরাময় কেন্দ্র স্থাপনেরও পরিকল্পনা রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে অনুন্নত এলাকার উন্নয়ন ত্বরান্বিত হওয়ার পাশাপাশি স্থানীয় মানুষের জীবনমানের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থান চূড়ান্ত হওয়ার পর দ্রুত প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মিত হলে ময়মনসিংহে ক্রীড়া অবকাঠামোর ব্যাপক উন্নয়ন ঘটবে। পাশাপাশি নতুন প্রজন্মের ক্রীড়া প্রতিভা বিকাশ এবং জাতীয় পর্যায়ে খেলাধুলার প্রসারে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


বাংলাধারা/শারমিন

মন্তব্য করুন