প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ০৬:২৮ পিএম
অনলাইন সংস্করণ
দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে রয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১ জন শিশু হাম বা হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৫ জুলাই পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৪৫ শিশু। এ ছাড়া পরীক্ষায় নিশ্চিত হামে প্রাণ হারিয়েছে আরও ৯৩ শিশু। সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গে মোট ৭৩৮ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে ১০৬ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। বাকি ৯২৫ জন হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন।
এ সময়ে নতুন করে ৮৭৮ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ৯০৪ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫ হাজার ৬১৮ জনে। এর মধ্যে ১২ হাজার ৬৩২ জনের শরীরে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে।
একই সময়ে মোট ৮৮ হাজার ৮৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৮৫ হাজার ১২২ জন ইতোমধ্যে বাড়ি ফিরেছেন।
হামের বিস্তার রোধে শিশুদের সময়মতো টিকাদান নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে লালচে র্যাশ, কাশি কিংবা চোখ লাল হওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন