প্রকাশিত: ৮ ঘন্টা আগে, ০৬:১৫ পিএম
অনলাইন সংস্করণ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির সমাপ্তি ঘটেছে। একই সঙ্গে ইরানের ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রী সরকারকে কড়া ভাষায় সমালোচনা করে তিনি বলেছেন, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার পর তেহরানের সঙ্গে শান্তি আলোচনা চালিয়ে যাওয়ার আর কোনো অর্থ নেই।
বুধবার (৮ জুলাই) ন্যাটো সম্মেলনে যোগ দিতে তুরস্কের রাজধানী আঙ্কারায় অবস্থানকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন।
তিনি বলেন, “ইরানের সঙ্গে আমাদের যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে। তারা ইসলামাবাদ সমঝোতা স্মারক চুক্তি লঙ্ঘন করে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। ইরানের বর্তমান শাসকগোষ্ঠী অসুস্থ ও নোংরা মানসিকতার। এই পরিস্থিতিতে তাদের সঙ্গে শান্তিচুক্তি নিয়ে আলোচনা করা সময়ের অপচয় ছাড়া আর কিছু নয়।”
গত ১৮ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারক অনুযায়ী, ইরান হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলে কোনো বাধা দেবে না এবং এর বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে। চুক্তির শর্ত অনুযায়ী এ ব্যবস্থা ৬০ দিনের জন্য কার্যকর থাকার কথা ছিল।
তবে যুক্তরাষ্ট্রের অভিযোগ, গত ৫ জুলাই চুক্তির শর্ত ভঙ্গ করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) হরমুজ প্রণালিতে তিনটি বিদেশি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হামলার শিকার জাহাজগুলোর মধ্যে ছিল মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী ‘এমটি আল-রেকাইয়াত’, সৌদি আরবের ‘এমটি ওয়াদিয়ান’ এবং লাইবেরিয়ার ‘এমটি সাইপ্রাস প্রসপারিটি’।
এর জবাবে মঙ্গলবার ইরানের ৮০টি সামরিক ও কৌশলগত স্থাপনায় ব্যাপক হামলা চালায় মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে ইরানের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞাও পুনর্বহালের ঘোষণা দেয় ওয়াশিংটন।
সেন্টকম এক বিবৃতিতে জানায়, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড অ্যান্ড কন্ট্রোল নেটওয়ার্ক, উপকূলীয় রাডার স্থাপনা এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে লক্ষ্য করে নির্ভুল হামলা চালানো হয়েছে।
অন্যদিকে মার্কিন হামলার পাল্টা জবাব হিসেবে কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক সংশ্লিষ্ট ৮৫টি স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইরান। তবে এ দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলা এবং ট্রাম্পের যুদ্ধবিরতি সমাপ্তির ঘোষণায় মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা না গেলে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে বৈশ্বিক জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক বাণিজ্যেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন