বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ১২:২২ পিএম

অনলাইন সংস্করণ

শাপলা চত্বর হত্যাকাণ্ড

শেখ হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ

ছবি: সংগৃহীত

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছে প্রসিকিউশন।

সোমবার (২৭ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে অভিযোগপত্র জমা দেওয়া হয়। পরে ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

অভিযোগপত্র দাখিলের সময় প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর জহিরুল আমিন, মঈনুল করিম ও মার্জিনা রায়হান।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, আওয়ামী লীগের নেতারা শেখ ফজলুল করিম সেলিম, মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, জাহাঙ্গীর কবির নানক, ড. আব্দুর রাজ্জাক, ড. হাসান মাহমুদ, আব্দুল লতিফ সিদ্দিকী, ডা. দীপু মনি, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ তৎকালীন সরকারের একাধিক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও রাজনৈতিক নেতা।

এছাড়া সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, হাসান মাহমুদ খন্দকার, একেএম শহীদুল হক ও ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, সাবেক র‍্যাব মহাপরিচালক মো. মোখলেছুর রহমান, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশ ও র‍্যাবের সাবেক ও তৎকালীন একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাংবাদিক ফারজানা রুপাকেও এ মামলার আসামি করা হয়েছে।

প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, দীর্ঘ তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দেন। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগপত্র ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে।

তদন্ত সংস্থার তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ঢাকাসহ দেশের চারটি স্থানে মোট ৫৮ জন নিহত হন। এর মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় একজনের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

বাংলাধারা/শারমিন

 

মন্তব্য করুন