প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০১:০৪ পিএম
অনলাইন সংস্করণ
দেশব্যাপী কয়েক মাসব্যাপী আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬-এর জাতীয় পর্যায়ের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে আজ। রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৩টায় শুরু হবে সমাপনী আয়োজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক।
আয়োজকদের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সমাপনী দিনে প্রধানমন্ত্রী নতুন কুঁড়ি ক্রীড়াবিদদের সঙ্গে সময় কাটানোর আগ্রহ প্রকাশ করেছেন। বিকেল ৪টায় ভেন্যুতে পৌঁছে তিনি বালিকা বিভাগের ফুটবল ফাইনালের দ্বিতীয়ার্ধ উপভোগ করবেন। এ ফাইনালে মুখোমুখি হবে রাজশাহী ও রংপুর অঞ্চল।
এরপর অনুষ্ঠিত হবে বালক ও বালিকা বিভাগের ১০০ মিটার স্প্রিন্টের ফাইনাল। পাশাপাশি নতুন কুঁড়ি স্পোর্টসের প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং টুর্নামেন্টের থিম সংয়ের সঙ্গে শিশু শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করবেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। এরপর বক্তব্য রাখবেন অনুষ্ঠানের সভাপতি প্রতিমন্ত্রী আমিনুল হক। সমাপনী বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বক্তব্য পর্ব শেষে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী। পরে বিজয়ী ক্রীড়াবিদদের সঙ্গে আনুষ্ঠানিক ফটোসেশনেও অংশ নেবেন তিনি।
গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরের আঞ্চলিক পর্বের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। দেশের সব উপজেলা ও জেলা থেকে ১২ থেকে ১৪ বছর বয়সী প্রায় ১ লাখ ৭০ হাজার খুদে ক্রীড়াবিদ আটটি ডিসিপ্লিনে অংশ নেয়। পরবর্তীতে রাজধানীর বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হয় জাতীয় পর্ব, যেখানে দেশের ১০টি অঞ্চল থেকে প্রায় ১ হাজার ৭০০ ক্রীড়াবিদ ও কর্মকর্তা অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানিয়েছেন, বিভিন্ন ডিসিপ্লিনে প্রতিভা দেখানো ক্রীড়াবিদদের ইতোমধ্যে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। তাদের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর বিভিন্ন শাখায় প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
এ উদ্যোগের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো শিশু-কিশোরদের গ্যাজেট নির্ভরতা কমিয়ে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাঠমুখী করা।
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন