প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ১০:১৯ পিএম
অনলাইন সংস্করণ
নিজেকে যোগ্য ও দক্ষ মানুষ হিসেবে গড়ে তোলার মাধ্যমে ভবিষ্যতের সুন্দর বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আজকের কিশোর-কিশোরীরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে। তাই নিজেদের কখনো ছোট না ভেবে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে হবে।
সোমবার (২৭ জুলাই) বিকেলে রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর জাতীয় পর্যায়ের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “তোমরা যদি নিজেদের সঠিকভাবে গড়ে তুলতে পারো, তাহলে ভবিষ্যতে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। তোমাদের মধ্য থেকেই ভালো চিকিৎসক, প্রকৌশলী, স্থপতি, ক্রিকেটার, সাঁতারু, টেনিস খেলোয়াড়সহ বিভিন্ন ক্ষেত্রে দেশের নেতৃত্ব দেওয়ার মতো মানুষ তৈরি হবে। তাই নিজেকে কখনো ছোট ভাববে না।”
তিনি বলেন, একটি সমৃদ্ধ দেশ গড়তে শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়; প্রয়োজন যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নতুন প্রজন্ম। সেই লক্ষ্যেই শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত গণমাধ্যমকর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দেশের ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক সংবাদকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
তিনি বলেন, “আজ যারা মাঠে খেলছে, গ্যালারিতে বসে আছে—তারাই বাংলাদেশের ভবিষ্যৎ। তাই আগামীকালের পত্রিকা ও সংবাদে এই শিশুদের সাফল্য যেন গুরুত্ব পায়। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সামনে আনা আমাদের সবার দায়িত্ব।”
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, পড়াশোনার সময় মনোযোগ দিয়ে পড়তে হবে, আবার খেলাধুলার সময়ও একইভাবে নিষ্ঠার সঙ্গে অংশ নিতে হবে। সুস্থ ও দক্ষ নাগরিক গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে এখনও অবকাঠামোগত সীমাবদ্ধতা রয়েছে। সরকার ধাপে ধাপে এসব সমস্যা সমাধানে কাজ করছে, যাতে শিক্ষার্থীরা আরও উন্নত পরিবেশে পড়াশোনার সুযোগ পায়।
পরিবেশ সংরক্ষণেও কিশোর-কিশোরীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, কেউ যেন রাস্তাঘাট, নদী বা পুকুরে প্লাস্টিক কিংবা ময়লা না ফেলে—এ বিষয়ে সবাইকে সচেতন করতে হবে। প্রয়োজনে নিজেরাই ময়লা তুলে নির্ধারিত স্থানে ফেলতে হবে।
একই সঙ্গে প্রতিবছর অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, গাছ বাড়লে পরিবেশও সুন্দর হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম বিশুদ্ধ বাতাসে বেড়ে উঠতে পারবে।
শিশু-কিশোরদের সার্বিক বিকাশে সরকারের পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা পড়াশোনা, খেলাধুলা, সংগীত কিংবা চিত্রাঙ্কনে এগিয়ে যেতে চায়, তাদের জন্য সরকার প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করবে।
তিনি বলেন, “আমরা পথ দেখাতে পারি, সুযোগ তৈরি করতে পারি। কিন্তু বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার মূল দায়িত্ব তোমাদেরই।”
অনুষ্ঠানের শেষে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে ট্রফি, মেডেল, ক্রেস্ট ও পুরস্কারের চেক তুলে দেন প্রধানমন্ত্রী।
এবারের প্রতিযোগিতায় ফুটবলের বালক বিভাগে সিলেট অঞ্চল এবং বালিকা বিভাগে রংপুর অঞ্চল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
উল্লেখ্য, গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধন করেন। উপজেলা ও জেলা পর্যায় পেরিয়ে প্রায় ১ লাখ ৭০ হাজার ক্ষুদে ক্রীড়াবিদের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতার জাতীয় পর্ব অনুষ্ঠিত হয় রাজধানীর বিভিন্ন ভেন্যুতে।
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন