বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৬, ১১:৪৯ এ এম

অনলাইন সংস্করণ

নির্দিষ্ট মামলা ছাড়া শ্যোন অ্যারেস্ট নয়, হাইকোর্টের আদেশ স্থগিত

ছবি: সংগৃহীত

কোনো ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট মামলা না থাকলে তাকে শ্যোন অ্যারেস্ট, গ্রেপ্তার কিংবা অন্য কোনোভাবে হয়রানি করা যাবে না, হাইকোর্টের দেওয়া সেই আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে এ বিষয়ে জারি করা রুল চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।

বুধবার (২৯ জুলাই) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। অপরদিকে আবেদনকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন ও অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব।

এর আগে কয়েকজন ব্যক্তির ক্ষেত্রে রায় দিতে গিয়ে হাইকোর্ট বলেছিলেন, নির্দিষ্ট কোনো মামলা না থাকলে কাউকে শ্যোন অ্যারেস্ট, গ্রেপ্তার বা অন্য কোনোভাবে হয়রানি করা যাবে না।

হাইকোর্টের ওই আদেশে আরও বলা হয়, আবেদনকারীকে বারবার শ্যোন অ্যারেস্ট দেখানো এবং হয়রানি, অপমান ও নিপীড়নের উদ্দেশ্যে গুরুতর প্রকৃতির মিথ্যা মামলায় জড়ানোর জন্য বিবাদীদের নেওয়া পদক্ষেপ কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে রুল জারি করা হয়।

একই সঙ্গে আবেদনকারীর বিরুদ্ধে নির্দিষ্ট কোনো মামলা না থাকলে তাকে শ্যোন অ্যারেস্ট, গ্রেপ্তার কিংবা হয়রানি না করার নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয় রুলে।

পরে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। সেই আবেদনের শুনানি শেষে বুধবার হাইকোর্টের আদেশ স্থগিত করেন আপিল বিভাগ। একই সঙ্গে সংশ্লিষ্ট রুল চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়।

বাংলাধারা/শারমিন

 

মন্তব্য করুন