বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ৮ আগষ্ট, ২০২৬, ১১:০২ এ এম

অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ায় তাইজুলের চোট নিয়ে স্বস্তির খবর

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের টেস্ট সিরিজ শুরুর আগেই চোট পেয়েছিলেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। তবে সেই চোট গুরুতর নয় বলে জানিয়েছেন বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম। তার আশা, ১৩ আগস্ট ডারউইনে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন তাইজুল।

ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ের সময় আঙুলে চোট পান তাইজুল। কোরি রকিচেলির বলে এলবিডব্লিউ হয়ে ফেরার আগে ১৫ বলে ১০ রান করেন তিনি। চোট পাওয়ার পরও ইনিংস শেষ না হওয়া পর্যন্ত ব্যাটিং চালিয়ে যান এই বাঁহাতি স্পিনার।

তবে আঙুলের চোটের কারণে প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে আর বোলিং করতে পারেননি তাইজুল। তার পরিবর্তে দ্বিতীয় দিনে বল হাতে নেন মুশফিক হাসান।

তাইজুলের চোটের সর্বশেষ পরিস্থিতি জানিয়ে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম বলেন, ব্যাটিংয়ের সময় তার বোলিংয়ের আঙুলে ব্যথা অনুভূত হয়। এরপর সতর্কতা হিসেবে আঙুলে ব্যান্ডেজ করা হয় এবং পুরো এক দিন বিশ্রামে রাখা হয় তাকে। পরে আবার পরীক্ষা করে দেখা যায়, আঙুলের ফোলা ও ব্যথা দুটোই কমে এসেছে।

ফিজিওর ভাষ্য, ‘তাইজুল ইসলাম ব্যাটিং করার সময় বোলিং ফিঙ্গারে ব্যথা পান। তারপর থেকে ওটাকে আমরা ব্যান্ডেজ করে রেখেছিলাম। গতকাল পুরোদিন বিশ্রামে ছিলেন। আবারও পর্যবেক্ষণ করা হয়েছে। ফোলা এবং ব্যথা কমে গিয়েছে। আশা করছি প্রথম টেস্টের আগে ফিট হয়ে যাবে।’

তাইজুলের চোট গুরুতর না হওয়ায় স্বস্তি ফিরেছে বাংলাদেশ শিবিরে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে বাঁহাতি এই স্পিনারের অভিজ্ঞতা বাংলাদেশের বোলিং আক্রমণের জন্য গুরুত্বপূর্ণ। ফলে প্রথম টেস্টের আগে তাকে ফিট পাওয়া দলের জন্য বড় স্বস্তির খবর।

তবে চোটের সুখবরের পাশাপাশি প্রস্তুতি ম্যাচের ফল বাংলাদেশ দলকে কিছুটা চিন্তায় ফেলেছে। অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ম্যাচে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে মাত্র ৫৪ রানে অলআউট হয়েছে নাজমুল হোসেন শান্তর দল। শেষ পর্যন্ত ইনিংস ও ৩৪ রানের ব্যবধানে হারতে হয়েছে বাংলাদেশকে।

এখন প্রস্তুতি ম্যাচের ব্যর্থতা পেছনে ফেলে মূল সিরিজে ঘুরে দাঁড়ানোর অপেক্ষা। আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট। তার আগে তাইজুলের ফিট হয়ে ওঠা বাংলাদেশ দলের জন্য নিঃসন্দেহে স্বস্তির খবর।

বাংলাধারা/শারমিন

 

মন্তব্য করুন