প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ১০:৩৪ এ এম
অনলাইন সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন নারী, তার ভাতিজি এবং ভাতিজির কিশোরী মেয়ে রয়েছেন। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৭টার দিকে সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাদুরতলা এলাকার ভিকুর স্ত্রী হাসিনা বেগম (৫২), তার ভাতিজি আশা খাতুন (২৬) এবং আশার মেয়ে মিম আক্তার (১৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হাসিনা বেগম একটি লোহার মই ব্যবহার করে বাড়ির ছাদে উঠছিলেন। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সংযোগের সংস্পর্শে এসে মইটি বিদ্যুতায়িত হয়ে পড়েছিল। মই বেয়ে ওঠার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
হাসিনা বেগমকে উদ্ধার করতে এগিয়ে আসেন তার ভাতিজি আশা খাতুন। পরে আশাকে বাঁচাতে গেলে তার মেয়ে মিম আক্তারও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে এবং পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, বারোঘরিয়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন