চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ০৫:২৫ পিএম

অনলাইন সংস্করণ

টানা বর্ষণে রেললাইনে পানি, আটকা কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’

ছবি: বাংলাধারা

 

চট্টগ্রামে টানা বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় রেললাইনের ওপর পানি জমে যাওয়ায় কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’-এর যাত্রা মাঝপথেই থেমে গেছে। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ট্রেনটির চলাচল সাময়িকভাবে বন্ধ রাখে রেলওয়ে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে চট্টগ্রামের ষোলশহর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্র জানায়, দুপুর দেড়টার দিকে পর্যটক এক্সপ্রেস ট্রেনটি ষোলশহর স্টেশন অতিক্রম করার সময় ভারী বৃষ্টিতে রেললাইনের ওপর পানি জমে যায়। পানি ইঞ্জিনে প্রবেশ করলে বড় ধরনের যান্ত্রিক ত্রুটি বা দুর্ঘটনার আশঙ্কা থাকায় চালক তাৎক্ষণিকভাবে ট্রেনটি থামিয়ে দেন। এরপর থেকেই ট্রেনটি ওই এলাকায় আটকা পড়ে আছে।

বিষয়টি নিশ্চিত করে রেলওয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই ট্রেনটি থামিয়ে রাখা হয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং রেলওয়ে কন্ট্রোল রুমের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

রেলওয়ে সূত্র আরও জানায়, যাত্রীদের দুর্ভোগ কমাতে বিকল্প একটি ইঞ্জিন এনে ট্রেনটিকে পেছনে টেনে চট্টগ্রাম স্টেশনে ফিরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে। রেললাইন থেকে পানি নেমে গেলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

হঠাৎ ট্রেন থেমে যাওয়ায় কক্সবাজারগামী শতাধিক যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে। দীর্ঘ সময় ট্রেনে আটকে থাকায় অনেকেই দুর্ভোগের কথা জানিয়েছেন।

তবে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করেই ট্রেন চলাচল পুনরায় চালু করা হবে।


বাংলাধারা/শারমিন

মন্তব্য করুন