প্রকাশিত: ২৭ মে, ২০২৬, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ
সাভারের বনগাঁ ইউনিয়নের বলিয়ারপুর এলাকায় পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সৎ ভাই ও পরিবারের অন্য সদস্যদের হামলায় এক মাদ্রাসা শিক্ষক ও তার মা গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২৭ মে) এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী সালমা খাতুন সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, সালমা খাতুন তার স্বামী আবুল হোসেনের দ্বিতীয় স্ত্রী। বিয়ের পর তার জমি ও স্বর্ণালংকার বিক্রির অর্থ দিয়ে আবুল হোসেন নিজ জমিতে ঘর নির্মাণ করেন। তবে পরবর্তীতে তিনি প্রথম পক্ষের স্ত্রী ও সন্তানদের নামে অধিকাংশ সম্পত্তি লিখে দেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল।
সালমা খাতুন অভিযোগ করেন, গত ১২ এপ্রিল রাতে তার দুই ছেলেকে মারধর করে জোরপূর্বক বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এ সময় তাকে ও তার সন্তানদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। এরপর বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি।
তিনি আরও জানান, বুধবার দুপুরে তাকে একা পেয়ে আবুল হোসেনের প্রথম স্ত্রী জাহানারা বেগম ও ছেলে ইকবাল হোসেন মারধর করেন। খবর পেয়ে তার বড় ছেলে মাওলানা মো. সালমান ও ছোট ছেলে শাহীন ঘটনাস্থলে গেলে তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়।
আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসকরা জানান, কোপের আঘাতে সালমানের ডান পায়ের একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে এবং শাহীনের হাতেও গুরুতর আঘাত লেগেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে আবুল হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। একইভাবে তার ছেলে ইকবাল হোসেনের সঙ্গেও যোগাযোগ সম্ভব হয়নি।
এ বিষয়ে ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন জানান, ঘটনার বিষয়ে তারা অবগত হয়েছেন। ভুক্তভোগীরা চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
বাংলাধারা/এসআর
মন্তব্য করুন