ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২

প্রখ্যাত অভিনেতা তমাল রায়চৌধুরীর মৃত্যু

বিনোদন ডেস্ক:

 প্রকাশিত: মার্চ ০৯, ২০২৬, ০৭:০৩ বিকাল  

ছবি: সংগৃহিত

ভারতের পশ্চিমবঙ্গের প্রখ্যাত অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব তমাল রায়চৌধুরী আর নেই। সোমবার ভোররাতে ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ভোরে তার ঘুম থেকে ওঠার কথা থাকলেও এদিন দেরি হওয়ায় বাড়ির পরিচারিকা তাকে ডাকতে যান। কিন্তু কোনো সাড়া না পেয়ে চিকিৎসককে ডাকা হলে তিনি অভিনেতাকে মৃত ঘোষণা করেন।

অভিনেতা দেবদূত ঘোষ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম তমাল রায়চৌধুরীর মৃত্যুর খবর জানান। শোক প্রকাশ করে তিনি লেখেন, ভোরে ঘুমের মধ্যেই কোনো কষ্ট না পেয়ে চলে গেছেন সকলের প্রিয় এই অভিনেতা।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিকেল ৪টায় তমাল রায়চৌধুরীর মরদেহ নিয়ে যাওয়া হবে টেকনিশিয়ান স্টুডিওতে। সেখানে সহকর্মী, শুভানুধ্যায়ী এবং ভক্তরা তাকে শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন। এরপর কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হবে।

দীর্ঘদিন ধরেই হৃদযন্ত্রের জটিলতায় ভুগছিলেন তমাল রায়চৌধুরী। তার শরীরে পেসমেকার বসানো ছিল। শারীরিক অসুস্থতার কারণে সাম্প্রতিক সময়ে তাকে পর্দায় খুব বেশি দেখা না গেলেও মঞ্চনাটক, টেলিভিশন এবং চলচ্চিত্র, সব ক্ষেত্রেই তিনি নিজের স্বতন্ত্র অভিনয় দক্ষতার ছাপ রেখে গেছেন।

চলচ্চিত্র জগতে তার অভিনীত বহু জনপ্রিয় সিনেমা দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে। ‘চিরদিনই তুমি যে আমার’, ‘চ্যালেঞ্জ’, ‘জাতিস্মর’, ‘রামধনু’, ‘চাঁদের পাহাড়’ এবং ‘অ্যামাজন অভিযান’-এর মতো চলচ্চিত্রে তার অভিনয় ব্যাপক প্রশংসিত হয়। তাকে সর্বশেষ দেখা গিয়েছিল তথাগত মুখোপাধ্যায়ের পরিচালনায় নির্মিত ‘ভটভটি’ চলচ্চিত্রে।

তার মৃত্যুতে টালিউড অঙ্গনসহ সংস্কৃতি জগতে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী ও ভক্তরা তাকে স্মরণ করছেন একজন প্রতিভাবান অভিনেতা ও নিবেদিতপ্রাণ নাট্যকর্মী হিসেবে।

বাংলাধারা/এসআর