ঢাকা, শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২

রমজানজুড়ে সিএনজি স্টেশন বন্ধের নতুন সময়সূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০৪:০৬ দুপুর  

ছবি: সংগৃহিত

পবিত্র রমজান মাসকে সামনে রেখে সারা দেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের নতুন সময়সূচি নির্ধারণ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্যাসের চাপ স্বাভাবিক রাখা এবং ইফতারের সময় গৃহস্থালি ও বিদ্যুৎ খাতে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম রমজান থেকে আগামী ১৪ মার্চ পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত দেশের সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখতে হবে। এ সময় বিদ্যুৎ উৎপাদন ও আবাসিক খাতে গ্যাসের চাহিদা বেড়ে যায়, ফলে নেটওয়ার্কে স্বল্পচাপ দেখা দেওয়ার আশঙ্কা থাকে। এ পরিস্থিতি মোকাবিলায় সাময়িকভাবে এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

তবে ঈদুল ফিতর উপলক্ষ্যে মহাসড়কে যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে বিশেষ সিদ্ধান্তও জানিয়েছে মন্ত্রণালয়। ১৫ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত দেশের সব সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখতে হবে, যাতে যাত্রী পরিবহন ও পণ্য পরিবহনে কোনো ধরনের জ্বালানি সংকট না হয়।

এ ছাড়া ২৬ মার্চ থেকে পূর্বের নিয়মে ফিরে যাবে সময়সূচি। তখন প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে।

মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, রমজান মাসে বিদ্যুৎ ও গৃহস্থালি খাতে গ্যাসের ব্যবহার বেড়ে যাওয়ায় সাময়িক এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে একদিকে বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রাখা সম্ভব হবে, অন্যদিকে ইফতারের সময় রান্নার কাজে গ্যাস সংকটের সম্ভাবনাও কমে আসবে বলে আশা করা হচ্ছে।

বাংলাধারা/এসআর