একুশে ফেব্রুয়ারিতে নিশ্ছিদ্র নিরাপত্তা: শহীদ মিনার ঘিরে বহুস্তরীয় প্রস্তুতি, শঙ্কা নেই : ডিএমপি কমিশনার
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০৪:১৮ দুপুর
ছবি: সংগৃহিত
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, জাতীয় নির্বাচনের মতোই কঠোর ও সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি জানান, সাম্প্রতিক নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবারও একই ধরনের নিরাপত্তা কাঠামো বাস্তবায়ন করা হচ্ছে। শহীদ মিনার ও আশপাশের এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে, যেখানে স্বেচ্ছাসেবকদের পাশাপাশি প্রায় ১৫ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।
শ্রদ্ধা নিবেদনকারীদের জন্য নির্দিষ্ট প্রবেশপথ ব্যবহারের নির্দেশনা দিয়ে কমিশনার বলেন, পলাশীর মোড়, জগন্নাথ হল ক্রসিং ও শহীদ মিনার রোড দিয়ে প্রবেশ করতে হবে এবং অন্য কোনো সড়ক ব্যবহার না করার অনুরোধ করা হয়েছে। অনুষ্ঠান শেষে দোয়েল চত্বর বা চানখাঁরপুল হয়ে বের হওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে শহীদ মিনার এলাকায় কোনো ধরনের ধারালো অস্ত্র বা দাহ্য পদার্থ বহন না করতেও অনুরোধ জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। তিনি বলেন, সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় বোম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড ও আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা রাখা হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকায় ৬৪টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ চালানো হবে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, শুধু রাজধানী নয়, সারা দেশেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রয়োজনীয় নিরাপত্তা জোরদার করা হয়েছে, যাতে শ্রদ্ধা নিবেদনের সব আয়োজন নির্বিঘ্ন ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করা যায়।
বাংলাধারা/এসআর
