রাষ্ট্রপতির তিন অপরাধের কারণে ভাষণ বর্জন করেছি: জামায়াত আমির
প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ১০:০৭ রাত
ছবি: সংগৃহিত
রাষ্ট্রপতির ভাষণ বর্জনের কারণ ব্যাখ্যা করে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, তিনটি গুরুতর কারণে তারা রাষ্ট্রপতির ভাষণ শুনতে অস্বীকৃতি জানিয়েছেন। তার দাবি, এই তিন অপরাধের কারণে রাষ্ট্রপতির বক্তব্য সংসদে শোনা তাদের পক্ষে সম্ভব নয়।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান সংসদ জুলাইয়ের শহীদদের রক্তের ওপর প্রতিষ্ঠিত। সেই কারণে তারা আগেই অনুরোধ জানিয়েছিলেন, এই সংসদে ফ্যাসিবাদের সহযোগী বা খুনিদের সহযোগীদের যেন বক্তব্য দেওয়ার সুযোগ না দেওয়া হয়।
রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, প্রথমত রাষ্ট্রপতি অতীতের হত্যাকাণ্ডের সঙ্গে সহযোগী হিসেবে জড়িত ছিলেন বলে তাদের অভিযোগ। দ্বিতীয়ত, ২০২৪ সালের ৫ আগস্ট জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি বলেছিলেন, তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং তিনি তা গ্রহণ করেছেন। কিন্তু পরবর্তী সময়ে তিনি সেই বক্তব্য অস্বীকার করেন। ডা. শফিকুর রহমানের দাবি, এর মাধ্যমে রাষ্ট্রপতি জাতির সামনে অসত্য বক্তব্য দিয়েছেন।
তৃতীয় অভিযোগের প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্রপতি নিজ হাতে একটি অধ্যাদেশে স্বাক্ষর করেছেন, যেখানে নির্বাচনে দুটি ভোটের বিধান রাখা হয়েছে। সেই অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্যরা একই সঙ্গে সংস্কার পরিষদের সদস্য হিসেবেও নির্বাচিত হবেন এবং একই ব্যক্তি তাদের উভয় শপথ পড়াবেন।
তিনি আরও বলেন, বিরোধী দলের সদস্যরা সেই দুই ধরনের শপথই গ্রহণ করেছেন, কিন্তু সরকারি দলের সদস্যরা তা অনুসরণ করেননি বলেও অভিযোগ করেন জামায়াত আমির।
এ কারণে রাষ্ট্রপতির ভাষণ বর্জন করে তারা সংসদ থেকে ওয়াকআউট করেছেন বলে জানান ডা. শফিকুর রহমান।
বাংলাধারা/এসআর
