আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সবসময় প্রস্তুত থাকার জন্য ইঞ্জিনিয়ার্স কোরের সব সদস্যদের নির্দেশনা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।১০-১২ নভেম্বর নাটোরের কাদিরাবাদে অবস্থিত ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং (ইসিএসএমই) এ অনুষ্ঠিত হয় তিন দিনব্যাপী ইঞ্জিনিয়ার্স কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ এবং ৭ম কোর পুনর্মিলনী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান ও ইঞ্জিনিয়ার্স কোরের বর্তমান কর্নেল কমান্ড্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান।আইএসপিআর জানায়, অধিনায়ক সম্মেলনে সেনাবাহিনী প্রধান উপস্থিত ইঞ্জিনিয়ার্স কোরের ইউনিটসমূহের অধিনায়করা এবং অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য দেন।এ সময় তিনি মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী ইঞ্জিনিয়ার্স কোরের বীর সেনানীসহ সব বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি তিনি এ কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশ ও জাতির কল্যাণে যুদ্ধ ও শান্তিকালীন অবদানের ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও, ইঞ্জিনিয়ার্স কোরের কার্যক্রম, উন্নয়ন ও পেশাগত দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে উপস্থিত সবার সঙ্গে মতবিনিময় করেন। আইএসপিআর আরও জানায়, ইঞ্জিনিয়ার্স কোরের ৭ম কোর পুনর্মিলনী অনুষ্ঠানে ইসিএসএমই প্যারেড গ্রাউন্ডে প্রধান অতিথি হিসেবে সেনাবাহিনী প্রধান উপস্থিত থেকে কোর পুনর্মিলনী কুচকাওয়াজ উপভোগ করেন। এ সময় তিনি তার বক্তব্যে ইঞ্জিনিয়ার্স কোরের প্রাক্তন ও বর্তমান সদস্যদের মধ্যকার ঐক্য, সৌহার্দ্য ও পেশাগত মমত্ববোধের কথা তুলে ধরেন এবং এই ঐতিহ্য অক্ষুণ্ন রেখে ভবিষ্যতে দেশ ও জাতির সেবায় নিবেদিত থাকার আহ্বান জানান।অনুষ্ঠানে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল; কমান্ড্যান্ট, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি; জেনারেল অফিসার কমান্ডিং, ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া; চিফ কনসালট্যান্ট জেনারেল, অ্যাডহক কনস্ট্রাকশন সুপারভিশন কনসালট্যান্ট; কমান্ড্যান্ট, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট সেন্টার; মহাপরিচালক, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার; অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা; ইঞ্জিনিয়ার্স কোরে কর্মরত, অবসরপ্রাপ্ত সদস্যরা ও পরিবারের সদস্যরা, আমন্ত্রিত অতিথিরা এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাধারা/ডেস্ক