নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. ছোটন আহমেদ (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তিনি একটি কুরিয়ার সার্ভিসে কর্মরত ছিলেন বলে জানা গেছে। শনিবার (১৪ নভেম্বর) দুপুর ১ টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোগরাপাড়া এলাকায় মেঘনা সেতুর পাশে এই দুর্ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহত ছোটনের গ্রামের বাড়ি রংপুরে। তার বাবার নাম আব্দুস সামাদ এবং তাদের দুই ভাইয়ের মধ্যে ছোটন ছিলেন ছোট। নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকাতেই তিনি বসবাস করতেন।ছোটনকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মাহমুদুল হাসান বলেন, আমরা একই কুরিয়ার সার্ভিসে কাজ করি। তবে আমাদের এরিয়া আলাদা। আজ দুপুর আনুমানিক ১টার দিকে ছোটন আহমেদ মোটরসাইকেল চালিয়ে সোনারগাঁও থানাধীন মেঘনা সেতুর পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায় এবং আমাদের অফিসে ঘটনাটি জানায়। হাসান আরও বলেন, পরবর্তী সময়ে অফিস থেকে আমাদের বিষয়টি জানানো হলে, আমরা সেই হাসপাতালে ছুটে গিয়ে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাই। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে সেই বাসটিকে আটক করা হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে। দুর্ঘটনার পর বাসটিকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
বাংলাধারা/ডেস্ক