আলেম-ওলামাদের সম্মান করে বিএনপি সরকার, প্রেসক্লাবে নিকাহ রেজিস্ট্রার সমিতির সমাবেশে ঘোষণা
জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, মুসলিম নর-নারীর বিয়ের মতো পবিত্র দায়িত্ব পালন করেন নিকাহ রেজিস্ট্রাররা। তাঁদের পেশাগত মর্যাদা ও অধিক্ষেত্রের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্রসংক্রান্ত চূড়ান্ত বিধিমালা সুরক্ষার দাবির বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। পাশাপাশি সমিতির নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চাইলে সেই ব্যবস্থা করারও আশ্বাস দেন তিনি।গতকাল মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।হুইপ দুলু বলেন, ঐতিহাসিককাল থেকেই রাজা-বাদশা ও রাষ্ট্রপ্রধানরা কাজিদের মতামতকে গুরুত্ব দিয়ে আসছেন। নিকাহ রেজিস্ট্রাররা সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, সে সময় আলেম-ওলামাদের জঙ্গি তকমা দিয়ে অসম্মানিত করা হতো। কিন্তু মিথ্যা কখনো চিরস্থায়ী হয় না, সত্য চিরকাল সত্যই থাকে।তিনি বলেন, আলেম-ওলামারা বর্তমান সরকারের পাশে রয়েছেন। বর্তমান সরকার ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। এ সময় তিনি আলেম-ওলামাদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, কোনো সন্ত্রাসী গোষ্ঠী যেন রাষ্ট্রক্ষমতায় আসতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের ওপর হামলারও তীব্র নিন্দা জানান তিনি।হুইপ দুলু বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আলেম-ওলামাদের যথেষ্ট সম্মান করেন। নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্রসংক্রান্ত বিধিমালার দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন বলেও তিনি আশ্বাস দেন।সমাবেশে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির সভাপতি, মহাসচিবসহ বিভাগ ও জেলা পর্যায়ের বিভিন্ন নেতা এবং সদস্যরা বক্তব্য দেন।
বাংলাধারা/ডেস্ক