একসময় আন্তর্জাতিক অঙ্গনে ‘উন্নয়নের বিস্ময়’ বা ‘ডেভেলপমেন্ট সুপারস্টার’ হিসেবে পরিচিতি পাওয়া বাংলাদেশ এখন গভীর অর্থনৈতিক সংকটের মুখে। দেড় দশকের ব্যাপক লুটপাটে দেশের ব্যাংক খাত দেউলিয়াত্বের দ্বারপ্রান্তে, আর নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক অস্থিরতা ও স্থবির অর্থনীতি। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট-এর সাম্প্রতিক এক প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতির এই নাজুক চিত্রই উঠে এসেছে। ঢাকার একটি ক্যাফের মালিক একান্ত। গত এক বছর ধরে ব্যাংক থেকে টাকা তুলতে পারছেন না তিনি। একান্ত বলেন, ‘যতবারই অফিসে গিয়েছি, কোনো সদুত্তর পাইনি।’ তাকে শুধু বলা হয়েছে ব্যাংকে ‘তারল্য সংকট’ চলছে। এই সংকটের মধ্যে তিনি একা নন। অন্তত ছয়জন ব্যাংকের আমানতকারীরা অভিযোগ করেছেন যে, সন্তানদের বিয়ে দেওয়া কিংবা মা-বাবার দাফন-কাফনের জন্য তিল তিল করে জমানো অর্থও তারা তুলতে পারছেন না। বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থার একটি বড় অংশ এখন দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে। এর অন্যতম কারণ ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ১৫ বছরের স্বৈরাচারী শাসনামলে সংঘটিত ব্যাপক লুটপাট। দুর্নীতির কারণে ব্যাংকগুলো খেলাপি ঋণের ভারে জর্জরিত হয়ে পড়েছে, যার বড় অংশই আর কখনো ফেরত আসবে না। যেসব অলিগার্ক বা প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠী ব্যাংকগুলো পরিচালনা করতেন এবং নিজেরাই সেখান থেকে ঋণ নিতেন, তারা এখন কারাগারে অথবা পলাতক। এর ফলে ব্যাংকিং খাতের মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি ঋণে পরিণত হয়েছে। যেখানে প্রতিবেশী ভারতে এই হার মাত্র ১ দশমিক ৭ শতাংশ এবং পাকিস্তানে ৫ শতাংশ। সামগ্রিকভাবে পুরো খাতটি এখন দেউলিয়া অবস্থার মুখে। ব্যাংকগুলোর নিজেদের কোনো মূলধন তো নেই-ই, উল্টো তারা ৩ দশমিক ৮ শতাংশ মূলধন ঘাটতিতে পড়েছে।অস্থির রাজনীতির মধ্যেও অর্থনৈতিক সাফল্যের যে বিস্ময়কর রেকর্ড বাংলাদেশের ছিল, এই সংকট তার পতন ঘটানোর ঝুঁকি তৈরি করেছে। বাংলাদেশ বিশ্বের অষ্টম জনবহুল দেশ। এর জনসংখ্যা ১৮ কোটি। ১৯৭১ সালে স্বাধীনতার সময় মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা দেশটিকে ‘তলাবিহীন ঝুড়ি’ হিসেবে আখ্যা দিয়েছিলেন। দরিদ্র, বন্যাপ্রবণ এবং শরণার্থী ছাড়া বিশ্ববাজারে রপ্তানি করার মতো যার তেমন কিছুই ছিল না। অথচ সেই দেশটিই উন্নয়নের এক বিস্ময়কর সাফল্যের গল্পে পরিণত হয়েছিল। দুর্বল শাসনব্যবস্থা ও ভঙ্গুর প্রতিষ্ঠান সত্ত্বেও এবং ত্রুটিপূর্ণ গণতন্ত্র ও সামরিক অভ্যুত্থানের দোলাচলের মধ্য দিয়ে গিয়েও বাংলাদেশ দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছিল, দারিদ্র্য কমিয়েছিল এবং স্বাস্থ্য ও শিক্ষার মানোন্নয়ন ঘটিয়েছিল।নতুন সরকার এখনো পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হিমশিম খাচ্ছে। গত ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হয়ে অন্তর্বর্তী সরকারের জায়গায় ক্ষমতায় আসে আওয়ামী লীগের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী বিএনপি। তবে দায়িত্ব নিয়েই ব্যাংক খাতের চরম সংকট আর তৈরি পোশাকশিল্পের শ্রমিক ধর্মঘটের কারণে বড় ধরনের অর্থনৈতিক চাপে পড়েছে দলটি।। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেও সরকারকে বেগ পেতে হচ্ছে। ডিসেম্বরে দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনার ঘোষণার পর রাজধানীতে ৫০টিরও বেশি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে; সরকারের দাবি, এর পেছনে আওয়ামী লীগ জড়িত। রক্তক্ষয়ী দমন-পীড়নের মামলায় শেখ হাসিনার অনুপস্থিতিতেই তার মৃত্যুদণ্ডের রায় হয়েছে। ফলে দেশে ফেরার ঘোষণাটি তিনি সম্ভবত নিছক ভয় দেখাতেই দিচ্ছেন। তবে সত্যিই ফিরে এলে তাকে ঘিরে নতুন সরকারের বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভ দানা বাঁধতে পারে। বাংলাদেশের অর্থনীতি ও অস্থির রাজনীতির প্রভাব সবচেয়ে স্পষ্টভাবে ধরা পড়ে দেশের ব্যাংক খাতে। অন্তর্বর্তী সরকারের সময় শেখ হাসিনার আমলের দুর্নীতি নিয়ে শ্বেতপত্র তৈরি করা অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘বিগত আমলে ব্যাংক লুটপাটের যে ভয়াবহ উত্তরাধিকার আমরা পেয়েছি, এখন সেটিই আমাদের সামাল দিতে হচ্ছে।’ খেলাপি ঋণের পাহাড় জমেছে মূলত দুই ধরনের ব্যাংকে—শরিয়াহভিত্তিক ইসলামি ব্যাংক এবং সরকারি ব্যাংক। এই দুই খাতেরই শীর্ষ পদগুলোতে আওয়ামী লীগের ঘনিষ্ঠ লোকদের বসানো হয়েছিল। তবে দেশের সাধারণ বেসরকারি ব্যাংকগুলোর অবস্থা তুলনামূলক ভালো।দেশের অন্যতম বৃহৎ ঋণদাতা প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকের কথাই ধরা যাক। আওয়ামী লীগ আমলে নিষিদ্ধ হওয়া দল জামায়াতে ইসলামীর সঙ্গে ব্যাংকটির সংশ্লিষ্টতা ছিল। সন্ত্রাসে অর্থায়নের অভিযোগ তুলে এস আলম গ্রুপ ব্যাংকটি জোরপূর্বক দখল করে নেয়। তবে তখন এই অভিযোগ অস্বীকার করেছিল ইসলামী ব্যাংক। এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম মাসুদ শেখ হাসিনার ঘনিষ্ঠ মিত্র। দখলের পর ব্যাংকটির মোট ঋণের প্রায় অর্ধেকই এস আলম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানকে দেওয়া হয়। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সিঙ্গাপুরের নাগরিক সাইফুল আলম মাসুদ জনসম্মুখ থেকে আড়ালে চলে গেছেন। জামায়াতে ইসলামীর দাবি, আওয়ামী লীগের পছন্দের লোকদের হাতে ব্যবসা তুলে দিতেই ব্যাংকটির বিরুদ্ধে তখন সাজানো অভিযোগ আনা হয়েছিল। তবে সাইফুল আলম মাসুদ যেকোনো অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন।তবে আশার কথা হলো, খেলাপি ঋণের এই বড় অঙ্ক সামনে আসার পেছনে হিসাবের স্বচ্ছতা বাড়ানোর ভূমিকাও রয়েছে। ২০১৯ সালে বাংলাদেশ ব্যাংক এক নিয়ম করেছিল যে, বকেয়া ঋণের মাত্র ২ শতাংশ জমা দিলেই ঋণখেলাপিরা এক বছরের বিরতি এবং বাকি টাকা শোধের জন্য ১০ বছর সময় পাবেন। আর ওই ২ শতাংশ দিলেই তাদের আর খেলাপি হিসেবে দেখানো হতো না। ২০২০ সালে আইএমএফ সতর্ক করেছিল, কাগজে-কলমে খেলাপি ঋণ ১০ শতাংশ দেখানো হলেও বাস্তবে তা দ্বিগুণ হতে পারে। এরপর ২০২৫ সালে অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক নিয়ম মেনে কিস্তি পরিশোধের মেয়াদ ৯০ দিন পার হলেই সেটিকে খেলাপি ঋণ হিসেবে ধরার সিদ্ধান্ত নেয়। এই নিয়ম চালুর পরই প্রকৃত খেলাপি ঋণের হার বেড়ে ৩৩ শতাংশে দাঁড়িয়েছে।তবুও ব্যাংক খাতের এই সংকট দেশের উন্নয়ন থামিয়ে দেওয়ার ঝুঁকি তৈরি করেছে। ব্যবসা-বাণিজ্যে ঋণ দেওয়ার হার ২০২৫ সালের প্রায় ১০ শতাংশ থেকে কমে এ বছর ৪ দশমিক ৫ শতাংশে নেমেছে, যা গত ৩৩ বছরের মধ্যে সবচেয়ে কম। চলতি বছর অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে মাত্র ৩ দশমিক ৭ শতাংশ। শেখ হাসিনার পতনের আগে এই প্রবৃদ্ধি ছিল সাড়ে ৬ শতাংশের মতো, যদিও অন্তর্বর্তী সরকারের দাবি ছিল আগের হিসাবগুলো বাড়িয়ে দেখানো হতো। তবে অর্থনীতির এই ধীরগতির জন্য শুধু ব্যাংক খাতই দায়ী নয়। ইরান যুদ্ধের শুরুর দিকে তীব্র জ্বালানি সংকটে বাংলাদেশে অনেক কারখানা বন্ধ হয়ে গিয়েছিল, আর এখন শ্রমিক ধর্মঘটের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। বিশ্বব্যাংকের আশঙ্কা, ২০২৬ সালে টানা তৃতীয় বছরের মতো বাংলাদেশে দারিদ্র্য বাড়বে, যা কয়েক দশকের দারিদ্র্য কমানোর সাফল্যকে পেছনের দিকে নিয়ে যাচ্ছে।ধুঁকতে থাকা ব্যাংকগুলোকে বাঁচাতে বাংলাদেশ ব্যাংক এখন পর্যন্ত জরুরি সহায়তা হিসেবে ৬ দশমিক ২ বিলিয়ন ডলার (দেশের মোট জিডিপির ১ দশমিক ২ শতাংশ) দিয়েছে। তবে এই টাকা যথেষ্ট নয়। আন্তর্জাতিক ঋণমান যাচাইকারী প্রতিষ্ঠান মুডিস বলছে, আগামী কয়েক বছরে ব্যাংক খাতের মূলধন ঘাটতি মেটাতে দেশের জিডিপির ১০ শতাংশের সমান অর্থ লাগবেনতুন সরকারও যে বড় কোনো সংস্কারের বদলে সময় পার করছে, তার উদ্বেগজনক লক্ষণ দেখা যাচ্ছে। গত জুনে সরকার বিপদে পড়া কিছু ঋণগ্রহীতার জন্য সুদ পরিশোধের সময় বাড়ানোর সুযোগ দিয়েছে। এছাড়া নতুন আরেক নিয়মে ব্যাংকগুলো ঋণের ওপর সর্বোচ্চ কত সুদ নিতে পারবে, তা বেঁধে দেওয়া হয়েছে। এর ফলে ঋণ দেওয়ার ক্ষেত্রে ঝুঁকি বুঝে সুদ নির্ধারণ করার সুযোগ হারাচ্ছে ব্যাংকগুলো। অবশ্য অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমরা সমস্যাগুলোকে ভবিষ্যতের জন্য ঠেলে দিচ্ছি না। আমরা ব্যালেন্স শিট পরিষ্কার করার চেষ্টা করছি। আর যদি এমন কোনো ভালো প্রতিষ্ঠান থাকে যাদের সহায়তা প্রয়োজন, তবে তাদের কিছুটা সময় দিয়ে ঋণ পরিশোধের সুযোগ করে দেওয়া হবে।’বিদেশ থেকে বড় কোনো সহায়তা না পাওয়ায় ধুঁকতে থাকা ব্যাংকগুলোকে মূলধন জোগান দেওয়ার মতো পর্যাপ্ত সম্পদ সরকারের হাতে নেই। ব্যাপক কর ফাঁকির কারণে সরকারের রাজস্ব আদায় অত্যন্ত কম। সরকার জিডিপির মাত্র ৭ শতাংশ রাজস্ব হিসেবে সংগ্রহ করতে পারে। দক্ষিণ এশিয়ার মানদণ্ডেও এটি অত্যন্ত নগণ্য যেমন পাকিস্তান জিডিপির প্রায় ১০ শতাংশ রাজস্ব আদায় করে। এর ওপর খাদ্য ও জ্বালানি ভর্তুকির খরচ মেটাতে গিয়ে সরকার জিডিপির ৩ দশমিক ৩ শতাংশ বাজেট ঘাটতিতে রয়েছে। ফলে ব্যয় নির্বাহের জন্য সরকারকে মূলত ভালো অবস্থানে থাকা বেসরকারি ব্যাংকগুলোর ওপর নির্ভর করতে হচ্ছে। সরকারি এই ঋণ এবং কেন্দ্রীয় ব্যাংকের জরুরি তারল্য সহায়তা বাজারে অর্থের সরবরাহ বাড়িয়ে দিচ্ছে, যা মূল্যস্ফীতিকে আরও উসকে দিচ্ছে।বাংলাদেশের স্থবির হয়ে পড়া অর্থনীতি এখন আর রাজনীতি থেকে আলাদা হয়ে চলতে পারছে না। একজন অর্থনীতিবিদ ইঙ্গিত দিয়েছেন যে, বিএনপির সঙ্গে যুক্ত অলিগার্করা লুটপাটের সুযোগ পাওয়ার জন্য ১৫ বছর ধরে অপেক্ষা করছেন এবং তাদের খুব বেশি দিন দূরে সরিয়ে রাখা যাবে না। পুরোনো জঞ্জাল পরিষ্কার করে নিজেদের নতুন ঘনিষ্ঠজনদের সুবিধা দেওয়ার জন্যই হয়তো তারা ব্যাংকগুলো ঠিক করার উদ্যোগ নেবে। একজন সাবেক কর্মকর্তার কথায়, ‘বাংলাদেশে আসলে ভেতর থেকে কোনো কিছুই বদলায়নি।’
বাংলাধারা/ডেস্ক