সারাদেশে গত ৭ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১২ দিনে ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ৭৪টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের স্থাপনা ও যানবাহনও হামলার শিকার হয়েছে। এসব ঘটনায় এখন পর্যন্ত ৩৮টি মামলা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে ৬৩ জনকে।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, ১২ দিনে সারাদেশে পুলিশের তিনটি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এছাড়া পুলিশের ১৮টি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। দুটি স্থাপনায় ককটেল বিস্ফোরণের পাশাপাশি একটি গাড়িও ককটেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সময়ে বিভিন্ন স্থানে ৭৮টি ককটেল বিস্ফোরণ এবং ৭৪টি পরিবহনে আগুন দেওয়ার ঘটনা ঘটে।এসব নাশকতার ঘটনায় এখন পর্যন্ত ৩৮টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় জড়িত থাকার অভিযোগে ৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে সংঘটিত সব ঘটনার বিপরীতে কতটি মামলা হয়েছে, তা পুলিশের দেওয়া তথ্যে আলাদাভাবে উল্লেখ করা হয়নি।বিশ্লেষকদের মতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য এসব ঘটনা নতুন করে চ্যালেঞ্জ তৈরি করেছে। বিশেষ করে গণপরিবহনে অগ্নিসংযোগ, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং পুলিশের স্থাপনা ও যানবাহনে হামলার ঘটনায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি নাশকতার পরিকল্পনা, সংগঠক ও অর্থায়নের উৎস খুঁজে বের করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) কামারুম মুনিরা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, পুলিশের নজরদারি ও টহল বৃদ্ধি, চেকপোস্ট স্থাপন, দ্রুততম সময়ে রেসপন্স করা ইত্যাদি কার্যক্রম গ্রহণ করা হয়েছে। নিষিদ্ধ সংগঠন এবং কার্যক্রম নিষিদ্ধ দল যাতে কোনো ধরনের নাশকতা সৃষ্টির অপচেষ্টা চালাতে না পারে সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করবে। কাউকে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর কোনো ধরনের সুযোগ দেওয়া হবে না। কেউ নাশকতা সৃষ্টির অপচেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে।
বাংলাধারা/ডেস্ক