ঢাকা, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

জানসেনের ঝোড়ো ফিফটিতে সম্মানজনক সংগ্রহ প্রোটিয়াদের

স্পোর্টস্ ডেস্ক

 প্রকাশিত: মার্চ ০৪, ২০২৬, ০৯:৫৮ রাত  

ছবি: সংগৃহিত

ইডেনের সবুজ উইকেটে শুরু থেকেই দাপট দেখিয়েছে কিউই পেসাররা। নতুন বল হাতে আগ্রাসী বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার টপ অর্ডারকে চেপে ধরে তারা। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। ব্যাট হাতে শেষদিকে ঝড় তুলে অপরাজিত ৫৫ রানের ইনিংস খেলেছেন মার্কো জানসেন, যা প্রোটিয়াদের লড়াই করার মতো পুঁজি এনে দেয়।

ইনিংসের শুরুতেই ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডি কক ১০ রান করে ফিরলে ১২ রানেই ভাঙে উদ্বোধনী জুটি। তিন নম্বরে নেমে রায়ান রিকেলটন রানের খাতা খুলতে পারেননি। অধিনায়ক এইডেন মার্করামও সুবিধা করতে না পারায় পাওয়ার প্লেতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে প্রোটিয়ারা। কিউই বোলারদের নিয়ন্ত্রিত লাইন-লেংথে রান তোলা কঠিন হয়ে পড়ে ব্যাটারদের জন্য।

চাপের মুখে মিডল অর্ডারে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন ডেওয়াল্ড ব্রেভিস। আক্রমণাত্মক ভঙ্গিতে খেললেও ২৭ বলে ৩৪ রানের বেশি এগোতে পারেননি তিনি। এরপর ক্রিস্টিয়ান স্টাবসকে নিয়ে ইনিংস মেরামতের কাজ শুরু করেন জানসেন। ষষ্ঠ উইকেটে দুজনের জুটিতে আসে গুরুত্বপূর্ণ রান। স্টাবস ২৪ বলে ২৯ রান করে বিদায় নিলেও জানসেন থেকে যান শেষ পর্যন্ত।

স্টাবস ফেরার পর দ্রুতই করবিন বশ ও কাগিসো রাবাদা আউট হলে আবারও চাপে পড়ে দল। তবে সাতে নেমে জানসেন দায়িত্বশীল ও আক্রমণাত্মক ব্যাটিংয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। ৩০ বলে অপরাজিত ৫৫ রানের ইনিংসে ছিল কয়েকটি দৃষ্টিনন্দন বাউন্ডারি ও ছক্কা। তার শেষদিকের ঝোড়ো ব্যাটিংয়েই ১৬৯ রানের সংগ্রহ দাঁড় করাতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা।

শুরুর ধাক্কা সামলে শেষদিকে জানসেনের দৃঢ়তায় প্রোটিয়ারা যে লড়াইয়ের পুঁজি পেয়েছে, তাতে ম্যাচে উত্তেজনা ছড়ানোর সম্ভাবনা থাকছেই। এখন দেখার বিষয়, বোলিংয়ে কতটা কার্যকর হতে পারে দক্ষিণ আফ্রিকা।

বাংলাধারা/এসআর