প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০১:৪৮ এ এম
অনলাইন সংস্করণ
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। লিভার-সংক্রান্ত জটিলতায় আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় কায়সার হামিদ। গণমাধ্যমকে তিনি জানান, চিকিৎসাধীন অবস্থায় হঠাৎ করেই কারিনার শারীরিক অবস্থা গুরুতর অবনতি ঘটে। ফুসফুসে অ্যান্টিবায়োটিক প্রয়োগের সময় তার রক্তচাপ দ্রুত নেমে যায়। এরপর চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেও তাকে আর ফিরিয়ে আনতে পারেননি।
পারিবারিক ও চিকিৎসা সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরেই লিভার-সংক্রান্ত জটিলতায় সংকটাপন্ন ছিলেন কারিনা। প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। অবস্থার অবনতি হলে গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়।
চেন্নাইয়ে ভেলোরের খ্রিস্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে তার নিবিড় চিকিৎসা চলছিল। চিকিৎসকরা প্রথমে ফুসফুসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং পরবর্তীতে লিভার ট্রান্সপ্লান্টের প্রস্তুতিও নিচ্ছিলেন। কিন্তু সব প্রচেষ্টা ব্যর্থ করে তিনি চলে যান না-ফেরার দেশে।
জানা গেছে, কিছুদিন ধরেই অসুস্থতা অনুভব করছিলেন কারিনা। প্রাথমিকভাবে সাধারণ শারীরিক সমস্যা মনে হলেও পরে পরীক্ষায় সংক্রমণ ধরা পড়ে এবং তিনি হেপাটাইটিস এ-তে আক্রান্ত হন। আগে থেকেই তার ফ্যাটি লিভারের সমস্যা ছিল, যা সংক্রমণের ফলে দ্রুত জটিল আকার ধারণ করে। শেষ পর্যন্ত গত শুক্রবার তার লিভার ফেইলিউর হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজস্ব কনটেন্ট এবং অভিনয়ের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন কারিনা কায়সার। তার অকাল প্রয়াণে বিনোদন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করছেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন।
বাংলাধারা/এসআর
মন্তব্য করুন