বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ২০ ঘন্টা আগে, ০৬:১৩ এ এম

অনলাইন সংস্করণ

নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ফাইল ছবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে আজ শনিবার (২৩ মে) ময়মনসিংহ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসূচিতে রয়েছে জন্মজয়ন্তী উৎসবের উদ্বোধনসহ একাধিক কর্মসূচি।

প্রধানমন্ত্রীর প্রেস উইং শুক্রবার এ তথ্য নিশ্চিত করে জানায়, এই সফরে তিনি ত্রিশাল উপজেলার কানহর এলাকায় ধরার খালের পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করবেন। একইসঙ্গে জাতীয় পর্যায়ের নজরুল জন্মজয়ন্তীর মূল অনুষ্ঠানে অংশ নেবেন এবং একটি সাংগঠনিক সভায় যোগ দেবেন।

সূত্র জানায়, সকালে সড়কপথে ঢাকা থেকে রওনা হয়ে দুপুরের দিকে ত্রিশালে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বালার ইউনিয়নে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধনের মাধ্যমে সফরের কার্যক্রম শুরু হবে। পরে নজরুল ডাকবাংলোতে সংক্ষিপ্ত বিরতি শেষে বিকেলে নজরুল মঞ্চে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে অংশ নেবেন তিনি এবং তিন দিনব্যাপী জন্মজয়ন্তী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন।

এছাড়া বিকেলে ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এক সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার। দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যায় সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী।

নজরুলের জন্মভূমি ত্রিশালকে কেন্দ্র করে আয়োজিত এই জাতীয় অনুষ্ঠান ঘিরে ইতোমধ্যেই এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

 

বাংলাধারা/এসআর

মন্তব্য করুন