প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ০৭:২৭ পিএম
অনলাইন সংস্করণ
২০১২ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর নেতা দেলোয়ার হোসেন সাইদীর মামলায় সাফাই সাক্ষী দিতে এসে নিখোঁজ হওয়া সুখরঞ্জন বালীকে অপহরণের ঘটনায় তৎকালীন সহকারী পুলিশ সুপার (এএসপি) ফজলুর রহমান সরাসরি জড়িত ছিলেন বলে দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) পাঠানো রিকুইজিশনের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে রাজধানীর বাড্ডা এলাকার নিজ বাসা থেকে ফজলুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ট্রাইব্যুনালের কাছে হস্তান্তর করা হয়েছে। আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
মো. শফিকুল ইসলাম বলেন, তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, দেলোয়ার হোসেন সাইদীর মামলায় সাফাই সাক্ষী দিতে আসা সুখরঞ্জন বালীকে অপহরণের ঘটনায় ফজলুর রহমান সরাসরি সম্পৃক্ত ছিলেন।
তিনি আরও বলেন, ঘটনার সময় ফজলুর রহমান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে কর্মরত ছিলেন। অভিযোগ অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসে হাইকোর্ট এলাকায় গাড়ি থেকে নামার পর সুখরঞ্জন বালীকে প্রথমে একটি চড় মারেন তিনি। পরে তার শার্টের কলার ধরে ডিবির একটি গাড়িতে তুলে নেওয়া হয়। এ ঘটনায় ফজলুর রহমান ও তার টিম প্রত্যক্ষভাবে জড়িত ছিল বলে তদন্তে উঠে এসেছে।
ডিবির অতিরিক্ত কমিশনার বলেন, বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তাধীন। ট্রাইব্যুনালের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত কার্যক্রম চলবে।
উল্লেখ্য, সুখরঞ্জন বালী ২০১২ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসে নিখোঁজ হন। ঘটনাটি সে সময় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। বর্তমানে এ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত ও বিচারিক কার্যক্রম চলছে।
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন