বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ১১ ঘন্টা আগে, ০২:২৭ পিএম

অনলাইন সংস্করণ

সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

ছবি: সংগৃহিত

সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ করেছে সরকার। একই সঙ্গে এসব প্রচারসামগ্রীতে ব্যক্তি-নির্ভর উপস্থাপনার পরিবর্তে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তুকে প্রাধান্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত একটি পরিপত্র জারি করে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি দপ্তরকে নির্দেশনা দেয়। পরিপত্রে বলা হয়েছে, সরকারি অনুষ্ঠানের জন্য প্রস্তুত করা কোনো ব্যানার, ফেস্টুন বা বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি থ্রিডি বা অন্য যেকোনো আঙ্গিকে ব্যবহার করা যাবে না।

নির্দেশনায় আরও বলা হয়েছে, সরকারি অনুষ্ঠানের প্রচারসামগ্রী এমনভাবে তৈরি করতে হবে, যাতে অনুষ্ঠানের বিষয়বস্তু, উদ্দেশ্য ও মূল বার্তা স্পষ্টভাবে ফুটে ওঠে। নকশা প্রণয়নের সময় প্রয়োজনীয় ও প্রাসঙ্গিক তথ্যের সমন্বয় নিশ্চিত করার পাশাপাশি অতিরিক্ত বা অপ্রাসঙ্গিক উপাদান পরিহার করতে হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ পরিপত্রে উল্লেখ করেছে, এ নির্দেশনা অনতিবিলম্বে কার্যকর হবে। একই সঙ্গে বিষয়টিকে অতীব গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট সব সরকারি প্রতিষ্ঠানকে তা যথাযথভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।


বাংলাধারা/শারমিন

মন্তব্য করুন