বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ১১ ঘন্টা আগে, ০২:৩৬ পিএম

অনলাইন সংস্করণ

তাপপ্রবাহ বিদায়ের বার্তা, টানা বৃষ্টির আভাস

ছবি: সংগৃহিত

কয়েকদিনের ভ্যাপসা গরমের পর অবশেষে স্বস্তির বার্তা মিলছে। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ রোববার (৫ জুলাই) থেকে পরবর্তী পাঁচ দিন দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণেরও আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রোববার আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারা দেশের দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এর ফলে চলমান মৃদু তাপপ্রবাহ অনেকটাই প্রশমিত হবে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একই সময়ে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

বর্তমানে রংপুর বিভাগসহ রাজশাহী, পাবনা, নওগাঁ, ঢাকা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, মৌলভীবাজার, রাঙামাটি, চাঁদপুর, ফেনী, কক্সবাজার ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে বৃষ্টিপাত বাড়লে এসব এলাকার তাপপ্রবাহও প্রশমিত হতে পারে।

সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এর মধ্যে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার দিনের তাপমাত্রা আরও সামান্য কমতে পারে। তবে বুধবার ও বৃহস্পতিবার দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃষ্টি বাড়ার কারণে জলাবদ্ধতা, বজ্রপাত এবং কোথাও কোথাও আকস্মিক বন্যার ঝুঁকি থাকায় নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া বিভাগ।


বাংলাধারা/শারমিন

মন্তব্য করুন