প্রকাশিত: ১২ ঘন্টা আগে, ০১:১৪ পিএম
অনলাইন সংস্করণ
টানা ভারী বর্ষণে রোববার ভোর থেকেই কার্যত স্থবির হয়ে পড়েছে রাজধানী ঢাকা। নগরীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে হাঁটু থেকে কোথাও কোথাও কোমরসমান পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সপ্তাহের প্রথম কর্মদিবসে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা তীব্র যানজট, গণপরিবহনের সঙ্কট এবং দীর্ঘ পথ পায়ে হেঁটে পাড়ি দেওয়ার কারণে চরম দুর্ভোগে পড়েছেন।
ভোর থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টিতে মিরপুর, শেওড়াপাড়া, আগারগাঁও, মোহাম্মদপুর, ফার্মগেট, মালিবাগ, বাড্ডা, যাত্রাবাড়ী, ডেমরা, শান্তিনগর, গুলিস্তান, মতিঝিল, পল্টন, কাকরাইল, পুরান ঢাকা, ধানমন্ডি, কালশী, হাতিরঝিল, গুলশান লেকপাড়, বারিধারা, কাঁলাচাঁদপুর, মেরুল বাড্ডা, ডিআইটি প্রজেক্ট, খামারবাড়ি, তেজগাঁও, শনির আখড়াসহ বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে যান চলাচল ব্যাহত হয়। কোথাও কোথাও খোঁড়াখুঁড়ির কারণে রাস্তার একাংশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। মতিঝিলের আরামবাগে নটর ডেম কলেজের সামনের সড়ক ও ধানমণ্ডির ২৭ নং সড়ক যেন সমুদ্রে পরিণত হয়েছে।
সরেজমিনে দেখা যায়, মহাখালী থেকে কাকলী, বনানী, চেয়ারম্যানবাড়ী, খিলক্ষেত হয়ে বিমানবন্দর পর্যন্ত সড়কের বিভিন্ন নিচু স্থানে পানি জমে রয়েছে। পানি এড়িয়ে ধীরগতিতে যানবাহন চলাচল করায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অনেক যাত্রীকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।
বৃষ্টির কারণে রিকশা, সিএনজি ও বাসের সঙ্কটও দেখা দিয়েছে। সাইফ নামে এক চাকরিজীবী বলেন, ‘রাস্তাঘাট প্রায় পানিতে তলিয়ে গেছে। যানবাহনও খুব কম। বাস পেলেও হাঁটুপানি মাড়িয়ে উঠতে হচ্ছে।’ আরেক যাত্রী বলেন, ‘বৃষ্টি হলেই যানবাহনের সংকট দেখা দেয়। রিকশা বা সিএনজি পাওয়া যায় না, আর পেলেও কয়েক গুণ বেশি ভাড়া গুনতে হয়।’
কারওয়ান বাজার থেকে গুলশানগামী আব্দুস সালাম বলেন, ভোর থেকেই ঝুম বৃষ্টি চলছিল। রাস্তায় মানুষ ও যানবাহন দুটিই কম ছিল। তবে বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে থাকায় স্বাভাবিক চলাচল কঠিন হয়ে পড়ে। সিএনজিচালক আনোয়ার হোসেন জানান, জমে থাকা পানিতে কয়েকটি সিএনজির ইঞ্জিন বন্ধ হয়ে যেতে দেখেছেন, চালকদের সেগুলো ঠেলে নিতে হয়েছে।
টানা বৃষ্টির কারণে রাজধানীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান অর্ধবার্ষিক ও অন্যান্য পরীক্ষা স্থগিত করা হয়েছে বলেও জানা গেছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানীতে সর্বশেষ ছয় ঘণ্টায় ৭৬ মিলিমিটার এবং গত ২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মাসে সর্বোচ্চ। সংস্থাটি জানিয়েছে, রোববার দিনভর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকাসহ দেশের ১৭ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) জানিয়েছে, রাতভর ভারী বৃষ্টির কারণে কাজীপাড়া মেট্রো স্টেশনের উভয় পাশে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নগরবাসীর দুর্ভোগ কমাতে সড়কে জমে থাকা পানি দ্রুত অপসারণে তাদের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীরা কাজ করছেন।
বাংলা ধারা
মন্তব্য করুন