প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় দুই বাসের সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
আজ সকাল সাড়ে ৮টার দিকে সুয়াগাজী এলাকায় রাহাত ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রামগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ইনচার্জ আবদুল মমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ফেনী থেকে কুমিল্লাগামী মদিনা পরিবহনের একটি বাস সুয়াগাজী এলাকায় পৌঁছালে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সিডিএম পরিবহনের একটি বাসকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মদিনা পরিবহনের বাসের সামনের অংশ এবং সিডিএম পরিবহনের বাসের পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় সিডিএম পরিবহনের যাত্রী ইমরান গাজী (২৮) ঘটনাস্থলেই নিহত হন। তিনি চাঁদপুর সদর উপজেলার ফজলুল হক গাজীর পুত্র। এছাড়া অন্তত ১০ জন যাত্রী আহত হন। আহতদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ আবদুল মমিন জানান, দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত দুটি বাস জব্দ করা হয়েছে। লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
বাংলা ধারা ডেক্স
মন্তব্য করুন