প্রকাশিত: ২০ ঘন্টা আগে, ০৮:৫১ এ এম
অনলাইন সংস্করণ
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নাহার নীহার ব্যক্তিজীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি তার পাকিস্তান সফরের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশের পর আবারও জোরালো হয়েছে প্রেম ও বাগদানের গুঞ্জন। অনেকের প্রশ্ন, এটি কি শুধুই ভ্রমণ, নাকি হবু বরের দেশেই বিশেষ কোনো সফর?
গত ২৯ জুন ফেসবুকে নিজের রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করে ‘Engaged’ (বাগদান সম্পন্ন) উল্লেখ করেন নীহা। এরপর থেকেই ভক্ত-অনুরাগীদের মধ্যে শুরু হয় নানা জল্পনা-কল্পনা। বিভিন্ন সূত্রে দাবি করা হয়, দেশের বাইরে ভ্রমণের সময় এক পাকিস্তানি যুবকের সঙ্গে তার পরিচয় হয়, যা পরে বাগদান পর্যন্ত গড়িয়েছে। যদিও এসব বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি অভিনেত্রী।
এরই মধ্যে পাকিস্তান সফরের বেশ কয়েকটি মুহূর্ত নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন নীহা। সেখানে তাকে দেশটির বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখতে এবং একটি আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল উপভোগ করতে দেখা গেছে। এসব পোস্ট ঘিরেই ভক্তদের কৌতূহল আরও বেড়েছে।
এদিকে, হবু জীবনসঙ্গীর পরিচয় এখনো প্রকাশ করেননি এই অভিনেত্রী। তবে সামাজিক মাধ্যমে অল্প সময়ের জন্য প্রকাশ হওয়া একটি যুগল ছবি আলোচনার জন্ম দেয়। ছবিটি পরে সরিয়ে নেওয়া হলেও সেটি ঘিরে ভক্তদের আগ্রহ কমেনি।
এর আগে এক সাক্ষাৎকারে নীহা নিজের বাগদানের বিষয়টি নিশ্চিত করে বলেছিলেন, "আমি আর সিঙ্গেল নই, বাগদান হয়েছে। তবে সঠিক সময় হলে সবকিছু নিজেই জানাব।" একই সঙ্গে তিনি ভক্তদের অপ্রয়োজনীয় গুঞ্জন না ছড়ানোর অনুরোধও জানান।
ব্যক্তিজীবনের আলোচনার পাশাপাশি ক্যারিয়ারেও ব্যস্ত সময় পার করছেন নাজনীন নীহা। সম্প্রতি ‘মায়া পাখি’ নাটকে অভিনয়ের জন্য প্রশংসা কুড়িয়েছেন তিনি। এছাড়া নতুন কয়েকটি নাটক ও ওটিটি প্ল্যাটফর্মের কাজ নিয়েও আলোচনা চলছে।
এখন ভক্তদের অপেক্ষা একটাই- পাকিস্তান সফরের রহস্য এবং হবু জীবনসঙ্গীকে কবে আনুষ্ঠানিকভাবে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেবেন নাজনীন নীহা।
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন