প্রকাশিত: ১৭ ঘন্টা আগে, ১২:২৯ পিএম
অনলাইন সংস্করণ
অস্ট্রেলিয়া সফরকে সামনে রেখে জাতীয় দলের তিন গুরুত্বপূর্ণ ক্রিকেটারের চোটে দুশ্চিন্তায় পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লিটন কুমার দাস, নাহিদ রানা ও শরিফুল ইসলামের মেডিকেল রিপোর্ট হাতে না পাওয়ায় এখনো টেস্ট দল ঘোষণা করতে পারেননি নির্বাচকরা।
প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছেন, এই তিন ক্রিকেটারের শারীরিক অবস্থা পর্যালোচনা করেই চূড়ান্ত দল ঘোষণা করা হবে। তিনি বলেন, খেলোয়াড়দের চোট নিয়ে কিছুটা উদ্বেগ রয়েছে। তাই রিপোর্ট না পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।
জিম্বাবুয়ে সফর থেকেই ইনজুরিতে ভুগছে বাংলাদেশ দল। কাফ মাসলের চোটে কোনো ম্যাচ না খেলেই দেশে ফেরেন লিটন কুমার দাস। সিরিজের মাঝপথে চোটে পড়ে দেশে ফিরতে হয় মুস্তাফিজুর রহমানকে। হ্যামস্ট্রিং ইনজুরিতে দেশে ফেরেন শরিফুল ইসলাম। সর্বশেষ জিম্বাবুয়ে সফর শেষে দেশে ফিরে বাঁ পাঁজরের পেশিতে চোটের পরীক্ষা করিয়েছেন পেসার নাহিদ রানা।
বিসিবি সূত্রে জানা গেছে, নাহিদের এমআরআই রিপোর্ট পাওয়ার পর তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। একইভাবে সিঙ্গাপুরে এমআরআই করিয়েছেন লিটন কুমার দাস। অন্যদিকে পুনর্বাসনের শেষ ধাপে রয়েছেন শরিফুল। শিগগিরই তিনি পূর্ণোদ্যমে বোলিং শুরু করবেন এবং এরপর ফিটনেস পরীক্ষায় অংশ নেবেন।
এদিকে অস্ট্রেলিয়া ইতোমধ্যে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৩ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে। বিষয়টিকে বাংলাদেশের প্রতি স্বাগতিকদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ইঙ্গিত হিসেবে দেখছেন হাবিবুল বাশার।
তিনি বলেন, বাংলাদেশকে এবার অনেক গুরুত্ব দিয়ে শক্তিশালী দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। তবে দেশটির কন্ডিশন বিশ্বের যেকোনো দলের জন্যই কঠিন। তাই ভালো প্রস্তুতি ও আত্মবিশ্বাস নিয়েও বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।
যদিও টেস্ট দুটি পার্থে নয়, ডারউইন ও ম্যাকয়ের ড্রপ-ইন উইকেটে অনুষ্ঠিত হবে, তবু অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই সহজ হবে না বলেও মন্তব্য করেন প্রধান নির্বাচক।
বাশার আরও জানান, পিতৃত্বকালীন ছুটিতে থাকায় এবাদত হোসেনকে এই সফরের জন্য বিবেচনা করা হচ্ছে না। পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া তাকে টেস্টে খেলিয়ে ইনজুরির ঝুঁকি নিতে চায় না বিসিবি।
সবকিছু ঠিক থাকলে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, শরিফুল ইসলাম ও খালেদ আহমেদকে নিয়ে পেস আক্রমণ সাজানোর পরিকল্পনা রয়েছে নির্বাচকদের। আর চোট কাটিয়ে ওঠা মুস্তাফিজুর রহমান ২৭ জুলাই ফিটনেস পরীক্ষায় অংশ নেবেন।
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন