প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ
রাজধানীর গুলশান এলাকা থেকে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে কথিত হত্যাযজ্ঞের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি-উত্তর) মোহাম্মদ কামরুজ্জামান। তিনি জানান, গুলশান এলাকা থেকে ডিবির একটি দল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে।
এর আগে বুধবার সকালে রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় আদালতে হাজিরা দেন সাবেক এই মন্ত্রী। হাজিরা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানিয়েছিলেন, শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ‘হত্যা ও মানবতাবিরোধী অপরাধের’ মামলায় গ্রেপ্তার না হলে আগামী রোববার বা সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করবেন।
আদালত থেকে বের হয়ে লতিফ সিদ্দিকী বলেন, শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তিনি অভিযুক্ত হওয়ায় আদালতে হাজিরা দিতে এসেছেন। ওই মামলায় ২০২৫ সালে তাকে গ্রেপ্তার করা হয়েছিল বলেও জানান তিনি।
শাপলা চত্বরের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে মামলা এবং গ্রেপ্তারি পরোয়ানা জারির কথা উল্লেখ করে তিনি বলেন, আদালতে হাজির না হলে তাকে আত্মগোপনে চলে গেছেন বলে মনে করা হতে পারে। তিনি আত্মগোপন করেন না এবং এ কারণেই আদালতে হাজির হয়েছেন বলে দাবি করেন।
লতিফ সিদ্দিকী আরও জানিয়েছিলেন, পুলিশ তাকে গ্রেপ্তার না করলে আগামী রোববার বা সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে আত্মসমর্পণ করবেন। এ জন্য তিনি প্রস্তুতি নিয়েই এসেছেন বলেও সাংবাদিকদের জানান।
তবে তার ওই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন