প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১০:৩৫ পিএম
অনলাইন সংস্করণ
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেছেন, জুলাই যোদ্ধারা চব্বিশের গণঅভ্যুত্থানে জীবন বাজি রেখে বাংলাদেশকে আরেকবার স্বাধীন করেছে। এই কথাটি শুধু মুখেই না বলে আমাদের সবাইকে কর্মে ও অন্তরে ধারণ করতে হবে। শনিবার (৮ আগস্ট) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জুলাই আন্দোলনকারীরা সুন্দর বাংলাদেশ প্রত্যাশা করেছিল। আমরা চাই এমন বাংলাদেশ গড়তে যেন তাদের প্রত্যাশা পূরণ করতে পারি। আজকে সকল শহীদদের প্রতি বিশেষ করে ৭১, ৯০ ও ২৪ এ যারা এদেশকে ভালোবেসে, এ দেশের মানুষের মুক্তি কামনায় স্বাধীনতা কামনায় জীবন দিয়ে গেছেন; তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি।
মন্ত্রী বলেন, আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা একটা শপথ গ্রহণ করি যে, আমরা শহীদদের ত্যাগ বৃথা যেতে দেব না। বর্তমান প্রধানমন্ত্রী দিন নেই, রাত নেই প্রতিদিন ১৭ থেকে ১৮ ঘণ্টা কাজ করে যাচ্ছেন। বিগত পনেরো বছরের দুঃশাসন দেশকে জর্জরিত হয়ে গেছে, তলা বিহীন ঝুড়িতে পরিণত হয়েছিল। এখন আপনারা যার যার অবস্থান থেকে যদি দেশ গড়ার জন্য প্রধানমন্ত্রীকে সহযোগিতা করেন, তবেই এদেশ ঘুরে দাঁড়াবে। আপনাদেরকে কথা দিচ্ছি- ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার এদেশকে সঠিক পথে নিয়ে যাবে। আমরা যদি আমাদের কাজটা করতে পারি ইনশাল্লাহ এদেশের চেহারা বদলে যাবে।
বাংলাধারা/ডেস্ক
মন্তব্য করুন