বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০২:১৩ পিএম

অনলাইন সংস্করণ

মার্কিন ভিসায় বড় ধাক্কা, বাতিল ১ লাখ ৭৫ হাজার

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী অভিযান জোরদারের মধ্যেই এক লাখ ৭৫ হাজার ভিসা বাতিল করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর। ভিসার শর্ত লঙ্ঘন, জালিয়াতি, সহিংসতায় উসকানি, অপরাধমূলক কর্মকাণ্ড এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, এ ধরনের বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এসব ভিসা বাতিল করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, ভিসা বাতিলের পেছনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ভিসার শর্ত লঙ্ঘন, প্রতারণা, সহিংসতার আহ্বান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ানোর মতো কর্মকাণ্ড। এর পাশাপাশি জাতীয় নিরাপত্তার জন্য সম্ভাব্য হুমকি এবং বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গেও সংশ্লিষ্টতার অভিযোগে অনেকের ভিসা বাতিল করা হয়েছে।

মন্ত্রণালয়ের ভাষ্য, ব্যাপকভাবে ভিসা বাতিলের এই উদ্যোগ সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর শুরু হওয়া কঠোর অভিবাসন নীতিরই অংশ। ওই অভিযানের আওতায় বৈধ ভিসাধারীসহ বিপুলসংখ্যক বিদেশি নাগরিককে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়েছে।

পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ধারাবাহিক যাচাই-বাছাই ও পর্যালোচনার মাধ্যমে ভিসাধারীদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা হচ্ছে। এর উদ্দেশ্য হলো, যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাওয়া ব্যক্তিরা যেন ভিসার নির্ধারিত শর্ত মেনে চলেন এবং মার্কিন নাগরিকদের নিরাপত্তার জন্য কোনো ধরনের ঝুঁকি তৈরি না করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, চুরি এবং মাদকসংক্রান্ত অপরাধও ভিসা বাতিলের অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে।

এ ছাড়া উত্তর আফ্রিকার একটি মার্কিন দূতাবাস ‘বার্থ ট্যুরিজম’-এর অভিযোগে শতাধিক দম্পতির ভিসা বাতিল করেছে। এসব দম্পতি মূলত সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা করেছিলেন, যাতে সেখানে জন্ম নেওয়া সন্তান মার্কিন নাগরিকত্ব পেতে পারে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, জাতীয় নিরাপত্তা কিংবা মার্কিন নাগরিকদের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে, এমন বিদেশি নাগরিকদের শনাক্ত ও তদন্তের কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে ভিসার অপব্যবহারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও পুনর্ব্যক্ত করেছে ট্রাম্প প্রশাসন।

মন্ত্রণালয়ের ভাষ্য, যুক্তরাষ্ট্রের ভিসা কোনো অধিকার নয়; এটি একটি বিশেষ সুবিধা। যারা এই সুবিধার অপব্যবহার করবেন কিংবা ভিসার শর্ত ভঙ্গ করবেন, তাদের ভিসা বাতিলের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছিল, এক লাখের বেশি ভিসা বাতিল করা হয়েছে। সে সময়ের হিসাবে এটিকে রেকর্ডসংখ্যক ভিসা বাতিলের ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছিল। এবার সেই সংখ্যা আরও বেড়ে এক লাখ ৭৫ হাজারে পৌঁছাল।

বাংলাধারা/শারমিন

 

মন্তব্য করুন