প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০২:১৯ পিএম
অনলাইন সংস্করণ
মাগুরার বহুল আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ড অনুমোদনের (ডেথ রেফারেন্স) আবেদন এবং আসামির আপিলের শুনানি শুরু হয়েছে হাইকোর্টে।
মঙ্গলবার (১১ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে মামলাটির শুনানি শুরু হয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. ইমাম হোসেন তারেক। তাকে সহযোগিতা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল রোহানী সিদ্দীকা ও মাহবুবা তাসনিম আঁখি।
মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের মার্চের শুরুতে মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার হয় শিশু আছিয়া। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মাগুরা এবং পরে ফরিদপুরের হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয় তাকে। চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ মারা যায় আছিয়া।
এ ঘটনায় দায়ের করা মামলার বিচার শেষে ২০২৫ সালের ১৭ মে প্রধান আসামি আছিয়ার বোনের শ্বশুর হিটু শেখকে মৃত্যুদণ্ড দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান।
একই রায়ে মামলার অপর তিন আসামি, আছিয়ার বোনের জামাই সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ এবং তাদের মা জাহেদা বেগমকে খালাস দেওয়া হয়।
ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায়ের পর মামলার যাবতীয় নথি ডেথ রেফারেন্স হিসেবে অনুমোদনের জন্য হাইকোর্টে পাঠানো হয়। একই সঙ্গে আসামিপক্ষ থেকেও আপিল করা হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার উচ্চ আদালতে মামলাটির শুনানি শুরু হলো।
দেশে নারী ও শিশু নির্যাতনের কয়েকটি নির্মম ঘটনার পরিপ্রেক্ষিতে এ ধরনের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের ডেথ রেফারেন্স ও আপিল দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ২০২৬ সালের ১০ জুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বিশেষ হাইকোর্ট বেঞ্চ গঠন করেন। ওই বেঞ্চেই অগ্রাধিকার ভিত্তিতে মামলাটির শুনানি হচ্ছে।
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন