প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ১০:৫৭ এ এম
অনলাইন সংস্করণ
রাঙামাটির মানিকছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী পিকআপ উল্টে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। রোববার (১৬ আগস্ট) ভোরে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে রাঙামাটি শহর থেকে যাত্রী নিয়ে একটি পিকআপ কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। পথে মানিকছড়ি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি সড়কের ওপর উল্টে যায়। এতে গাড়িতে থাকা কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান।
নিহতরা হলেন- নানিয়ারচরের ঘিলাছড়ি এলাকার শোভা চাকমা (৫২), কৃষ্ণমাছড়া এলাকার মেঘরানী চাকমা (৪৫), রাঙামাটি শহরের আমানতবাগ এলাকার শান্তনা চাকমা (৩৮) এবং বিজয়নগর এলাকার শান্তি রঞ্জন চাকমা (৬৫)।
আহত দুজন হলেন পিকআপচালক নানিয়ারচরের ঘিলাছড়ি এলাকার জ্ঞান বিকাশ চাকমা (৫০) এবং রাঙামাটি শহরের পিটিআই এলাকার সুমন চাকমা (৪৫)। তারা রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রাঙামাটি জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. আবু ফয়সল জানান, ভোর ৫টা ৫০ মিনিটের দিকে সড়ক দুর্ঘটনায় ছয়জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে তিনজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। বাকি তিনজনের মধ্যে একজন গুরুতর আহত ছিলেন। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চট্টগ্রামে নেওয়ার পথে শোভা চাকমার মৃত্যু হয়। ফলে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়ায়। অপর দুজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার খবর পেয়ে রাঙামাটির সংসদ সদস্য ও সাবেক পার্বত্য মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান রাঙামাটি জেনারেল হাসপাতাল ও মর্গ পরিদর্শন করেন। এ সময় তিনি নিহতদের স্বজন ও আহতদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
রাঙামাটি কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. তোফাজ্জল হোসেন বলেন, দুর্ঘটনায় নিহত ও আহতদের রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যাওয়ার তথ্য পাওয়া গেছে। তবে ঠিক কী কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়েছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে।
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন