প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ১০:৫৯ এ এম
অনলাইন সংস্করণ
ছাগলনাইয়া পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া এলাকায় সংস্কারকাজ শেষ হওয়ার মাত্র এক মাসের মাথায় খালে ধসে পড়েছে 'বীর মুক্তিযোদ্ধা আজাদ সড়ক'-এর একাংশ ও প্রতিরক্ষা গার্ডওয়াল।
পৌরসভার উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ৮০ লাখ টাকা ব্যয়ে সোয়া কিলোমিটার সড়ক ও গার্ডওয়ালের এই নির্মাণকাজ করা হয়েছিল। কাজ শেষের পরপরই এমন ধসের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ,ঠিকাদার ও পৌর প্রকৌশলীর গাফিলতি এবং নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণেই এই বিপর্যয় ঘটেছে। শত শত একর ফসলি জমির মাঝ দিয়ে যাওয়া সড়কটির গার্ডওয়ালে ইতোমধ্যে একাধিক ফাটল দেখা দিয়েছে। স্থানীয় কৃষক মাহবুব হোসেন জানান, সংস্কারের আগে সড়কটি ৯ ফুট প্রশস্ত থাকলেও তা কমিয়ে ৭ ফুট করা হয়েছে। ফলে যানবাহন চলাচলের পাশাপাশি পথচারীদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
দুর্ঘটনা ও কৃষিকাজে প্রভাবের আশঙ্কা:রাস্তা ধসে পড়ায় যানবাহন চলাচল মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। স্থানীয়রা আশঙ্কা করছেন, দ্রুত টেকসই পুনর্নির্মাণ করা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। পাশাপাশি আসন্ন বোরো মৌসুমে প্রায় ৫০০ একর জমির ধান ও কৃষিপণ্য পরিবহনে জটিলতার সৃষ্টি হবে। টেকসই সমাধানের জন্য স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপ দাবি করেছেন তারা।
পৌরসভা ও ঠিকাদারের বক্তব্য:কাজের মান নিয়ে প্রশ্ন উঠলেও ঠিকাদার মো. মোস্তফা জানান, পৌরসভার প্রকৌশলীর পরামর্শ অনুযায়ীই সমস্ত কাজ সম্পন্ন হয়েছিল এবং ধসে যাওয়া অংশটি তারা পুনরায় নির্মাণ করে দেবেন।
অন্যদিকে ছাগলনাইয়া পৌরসভার সহকারী প্রকৌশলী মো. মাসুদ আলম জানান, খালের গভীরতা বেশি হওয়া এবং মাটির পর্যাপ্ত সাপোর্ট না থাকায় গার্ডওয়ালটি ধসে পড়েছে। ঠিকাদারকে দ্রুত পুনর্নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে এবং আগামী কয়েক দিনের মধ্যে কাজ শুরু হবে বলে তিনি আশ্বাস দেন।
বাংলাধারা/ডেস্ক
মন্তব্য করুন