বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৮:১৬ এ এম

অনলাইন সংস্করণ

দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, ভারী বর্ষণ হতে পারে কোথাও কোথাও

ফাইল ছবি

দেশের আকাশে আজও মেঘের আনাগোনা অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং দেশের অন্যান্য বিভাগের কিছু অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে ভারী বর্ষণ। আগামী কয়েক দিনও এই বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকার আভাস রয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানায়, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়ার এমন পরিস্থিতির পেছনে মৌসুমি বায়ুর সক্রিয়তা এবং লঘুচাপের প্রভাব রয়েছে বলে জানিয়েছে অধিদফতর। ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন বিহার এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে মধ্যপ্রদেশ ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে। এটি ধীরে ধীরে দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হতে পারে।

মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় রয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টাতেও দেশের আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।

বৃষ্টির প্রভাবে এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। ফলে সাময়িক স্বস্তি ফিরতে পারে গরমে অতিষ্ঠ মানুষের মধ্যে।

এদিকে আবহাওয়া অধিদফতরের ১২০ ঘণ্টার পূর্বাভাসে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকার কথা বলা হয়েছে। ফলে সপ্তাহজুড়েই দেশের আকাশ মেঘলা থাকা এবং বিভিন্ন এলাকায় দফায় দফায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

বাংলাধারা/শারমিন

মন্তব্য করুন