বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১২:৩৭ পিএম

অনলাইন সংস্করণ

সহকর্মীদের ভালোবাসায় ফুলে সাজানো গাড়িতে পুলিশ সদস্যের অবসরযাত্রা

ছবি; সংগৃহিত

দীর্ঘ ৪১ বছর ৮ মাসের কর্মজীবন শেষে অবসরে গেলেন বাংলাদেশ পুলিশের কনস্টেবল মোহাম্মদ শের আলী। বিদায়বেলায় তাকে সম্মান জানাতে ব্যতিক্রমী এক আয়োজন করেন সহকর্মীরা। ফুলে ফুলে সাজানো গাড়িতে বসিয়ে, সেই গাড়ি নিজেরাই টেনে থানার মূল ফটক পর্যন্ত এগিয়ে দেন তারা। সহকর্মীদের এমন ভালোবাসায় অশ্রুসজল চোখে শেষবারের মতো কর্মস্থল ছাড়লেন এই পুলিশ সদস্য। 

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে চট্টগ্রামের আনোয়ারা থানায় দেখা যায় এমন আবেগঘন বিদায়ের দৃশ্য।
শুক্রবার দুপুরে হঠাৎ একটু ভিন্ন আবহ সৃষ্টি হয় আনোয়ারা থানা চত্বরে। থানা ভবনের সামনে দাঁড় করানো একটি গাড়ি ফুলে ফুলে সাজান সহকর্মীরা। চোখে-মুখে ছিল প্রিয় সহকর্মীকে বিদায় জানানোর আবেগ। সহকর্মীদের ভালোবাসা ও শ্রদ্ধায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কর্মজীবনের ইতি টানেন তিনি।
জানা যায়, ১৯৮৫ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে যোগ দিয়েছিলেন শের আলী। দীর্ঘ চার দশকের পথচলায় দেশের বহু দুর্গম ও গুরুত্বপূর্ণ অঞ্চলে দায়িত্ব পালন করেছেন। পার্বত্য জেলা রাঙামাটি ও খাগড়াছড়ি থেকে শুরু করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), কক্সবাজার ও লক্ষ্মীপুরের বিভিন্ন থানায় সফলতার সঙ্গে সেবা দিয়েছেন তিনি। কর্মজীবনের শেষ এক বছর তিনি কর্মরত ছিলেন আনোয়ারা থানায়।
বিদায়বেলায় সহকর্মীরা তাকে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানান। এরপর সহকর্মীরা নিজেরাই গাড়িটি টেনে থানার মূল ফটক পর্যন্ত এগিয়ে দেন। এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
বিদায়ী অনুভূতি প্রকাশ করতে গিয়ে মোহাম্মদ শের আলী বলেন, ‘চাকরিজীবনের এই দীর্ঘ যাত্রায় কত সহকর্মী কাছে এসেছেন, আবার অনেককে চিরতরে হারিয়েছি। আজ সুস্থ শরীরে, সবার সামনে থেকে সম্মান নিয়ে অবসরে যেতে পারছি, এ জন্য মহান আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। আনোয়ারা থানার সহকর্মীরা আমাকে যে ভালোবাসা ও শ্রদ্ধা দেখিয়েছেন, তা আমি বাকি জীবন বুকে ধারণ করে রাখব।’
থানার উপপরিদর্শক (এসআই) মো. জুয়েল মিয়া বলেন, ‘পুলিশ বাহিনীর প্রতিটি সদস্যকে চাকরিজীবনে নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়। সব চাপ সামলে শেষ পর্যন্ত টিকে থাকা সহজ কথা নয়। শের আলী ভাই যেভাবে দীর্ঘ চার দশক অত্যন্ত নিষ্ঠা ও সম্মানের সঙ্গে দায়িত্ব পালন করে অবসরে যাচ্ছেন, তা সত্যিই অনুকরণীয়। আমরাও যেন তার মতো সুন্দর ও সুশৃঙ্খলভাবে চাকরিজীবন শেষ করতে পারি, এটাই প্রত্যাশা। বাহিনীর সবাই এমন সফলভাবে পেশাজীবন শেষ করার ভাগ্য পান না।’ আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘শের আলী ভাই দীর্ঘ ৪১ বছর ধরে অত্যন্ত নিষ্ঠা, সৎ ও পেশাদারত্বের সঙ্গে নিজের অর্পিত দায়িত্ব পালন করেছেন। এত দীর্ঘ সময় নিষ্কলঙ্কভাবে চাকরি শেষ করা একটি বড় অর্জন। বিদায়বেলায় তাকে এমন সুন্দর ও স্মরণীয় সম্মান জানাতে পেরে আমরা গর্বিত। আমরা তার ও তার পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি।’
সব আনুষ্ঠানিকতা শেষে সহকর্মীদের দেওয়া ফুলে সাজানো গাড়িতে চড়েই নিজের গ্রাম কুমিল্লার উদ্দেশে রওনা হন শের আলী। কর্মজীবনের শেষ মুহুর্তে সহকর্মীদের এই অনন্য ভালোবাসা নিয়েই বাড়ি ফেরেন এই পুলিশ সদস্য।

বাংলাধারা/ডেস্ক

মন্তব্য করুন