বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১০:৫০ এ এম

অনলাইন সংস্করণ

দিনে ১৮ ঘণ্টা কাজের নেপথ্যে ছিল অন্য কারণ : প্রীতি

ছবি; সংগৃহিত

বলিউডে দীর্ঘ সময়ের শুটিং নিয়ে যখন কাজ ও ব্যক্তিজীবনের ভারসাম্য নিয়ে নতুন করে আলোচনা চলছে, তখন নিজের অভিজ্ঞতা সামনে আনলেন অভিনেত্রী প্রীতি জিনটা। একসময় দিনে টানা ১৮ ঘণ্টা পর্যন্ত কাজ করেছেন তিনি। তবে সেই কঠিন পরিশ্রমের পেছনে ছিল নির্দিষ্ট এক কারণ।
আসন্ন সিনেমা ‘ভাইব’-এর ঝলক প্রকাশ অনুষ্ঠানে নিজের কাজের সময় নিয়ে কথা বলেন প্রীতি। ছবিটি পরিচালনা করেছেন অভিনেতা কুণাল খেমু। সেখানেই অভিনেত্রী জানান, দীর্ঘ সময় কাজ করার বিষয়টি তার কাছে নতুন নয়। তবে তার ক্ষেত্রে এর পেছনের পরিস্থিতি ছিল অন্য রকম।প্রীতির কথায়, ‘প্রত্যেকের পরিস্থিতি আলাদা। আমি অবশ্যই দিনে ১৮ ঘণ্টা কাজ করেছি। কারণ, যত তাড়াতাড়ি সম্ভব এখানে আমার কাজ শেষ করে আমেরিকায় ফিরে সন্তানদের সঙ্গে থাকতে চেয়েছিলাম।’
অভিনেত্রীর ভাষ্যে, ‘আমার মাথায় একটাই কথা থাকত, আমি আসব, কাজ শেষ করব, ব্যস! আমার কাজটা তাড়াতাড়ি শেষ করে দাও। তার পরেই আমি আমেরিকা চলে যাব। এটাই ছিল আমার ১৮ ঘণ্টা কাজের কারণ।’
বলিউডে কাজের সময় ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য নিয়ে আলোচনা নতুন নয়। গত বছর অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও পরিচালক সন্দীপ রেড্ডী বাঙ্গার মতপার্থক্যকে কেন্দ্র করে বিষয়টি আবারও সামনে আসে। প্রভাস অভিনীত ‘স্পিরিট’ থেকে শেষ পর্যন্ত সরে দাঁড়ান দীপিকা।

বাংলাধারা/ডেস্ক

মন্তব্য করুন