প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০১:৫১ পিএম
অনলাইন সংস্করণ
সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের ম্যুরাল সরিয়ে ফোয়ারা বানানোর তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আযম খান।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বলেন, পত্রিকায় যেটা এসেছে যে, পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের ম্যুরাল সরিয়ে ফোয়ারা বানানো হবে— এগুলো একদমই সঠিক না। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই যে, এই সোহরাওয়ার্দী উদ্যানের যে স্বাধীনতা স্তম্ভ, সেই স্বাধীনতা স্তম্ভ কীভাবে সম্পন্ন করা যায় এটা নিয়ে আমরা আলোচনা করছি। পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের ম্যুরাল সরিয়ে ফোয়ারা বানানো হবে— এ নিয়ে আমরা এখনও কোনো রকমের আলোচনা করিনি।
মন্ত্রী আরও বলেন, এটা নিয়ে অন্তর্বর্তী সরকারের সময়ে একটা আলোচনা ছিল যে ওখানে কী করা যায়। আমরা তা নিয়ে ভাবছি না। আমরা স্বাধীনতা স্তম্ভের মূল চেতনা কীভাবে বাস্তবায়ন করা যায়, সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী সেটি নিয়ে আমরা ভাবছি এবং সেই অনুযায়ী কাজ করব।
বাংলাধারা/ডেস্ক
মন্তব্য করুন