বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১১:০৬ এ এম

অনলাইন সংস্করণ

কাজ শেষে বাড়ি ফিরছিলেন যুবক, পথেই কুপিয়ে হত্যা

ছবি; সংগৃহিত

গাজীপুরের টঙ্গীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জয় মাহমুদ (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে টঙ্গীর ব্যাংক মাঠ বস্তি এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত জয় মাহমুদ ওই এলাকার সিরাজুল ইসলামের ছেলে। 
পুলিশ জানায়, সোমবার দিবাগত মধ্যরাতে কাজ শেষে বাসায় ফিরছিলেন জয়। এ সময় কয়েকজন যুবক অতর্কিতভাবে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নূর আলম হোসেন বলেন, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা যায়নি। তবে পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাধারা/ডেস্ক

মন্তব্য করুন