প্রকাশিত: ১৫ ঘন্টা আগে, ১২:২১ পিএম
অনলাইন সংস্করণ
কাপ্তাই লেকের পানির স্তর স্বাভাবিক পর্যায়ে আসায় কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি জলকপাট বন্ধ করে দেয়া হয়েছে। টানা ১০৭ ঘণ্টা ৪০ মিনিট খোলা রাখার পর গতকাল বুধবার রাত ১১টায় সবগুলো জলকপাট বন্ধ করে দেয়া হয় বলে নিশ্চিত করেছেন বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।
তিনি জানান, গত চার দিন ধরে স্পিলওয়ের ১৬টি জলকপাট দিয়ে পানি নিষ্কাশনের ফলে কাপ্তাই লেকের পানির উচ্চতা কমে এসেছে। এ কারণে বুধবার রাত ১১টায় সব জলকপাট বন্ধ করে দেয়া হয়।
তিনি আরো জানান, বুধবার রাত ১১টায় কাপ্তাই লেকের পানির উচ্চতা ছিল ১০৩.২৬ ফুট মিন সি লেভেল (এম এস এল)। এ সময় কেন্দ্রের পাঁচটি উৎপাদন ইউনিট থেকে গড়ে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল।
এরআগে, গত শনিবার সকাল ১১টা ২০ মিনিটে কাপ্তাই লেকের পানির উচ্চতা ১০৪.০৮ ফুট মিন সি লেভেল (গঝখ)-এ পৌঁছে বিপৎসীমার কাছাকাছি চলে যাওয়ায় স্পিলওয়ের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে একযোগে খুলে দেয়া হয়। এরফলে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক থেকে কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছিল।
টানা ১০৭ ঘণ্টা ৪০ মিনিট পানি নিষ্কাশনের পর লেকের পানির উচ্চতা নিরাপদ পর্যায়ে নেমে আসায় কর্তৃপক্ষ সব জলকপাট বন্ধের সিদ্ধান্ত নেয় হয় বলে জানিয়েছেন কপাবিকের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান। তবে কাপ্তাই লেকের পানি বৃদ্ধির উপরই জলকপাট বন্ধ বা খোলার সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান তিনি।
বাংলাধারা/ডেস্ক
মন্তব্য করুন