প্রকাশিত: ১৩ ঘন্টা আগে, ০১:৪১ পিএম
অনলাইন সংস্করণ
বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে আগামীকাল থেকে প্রচার শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘চাওয়া পাওয়া’। আবুল বাশারের উপন্যাস ‘পবিত্র অসুখ’ অবলম্বনে নির্মিত নাটকটির নাট্যরূপ দিয়েছেন মনসুর রহমান চঞ্চল। চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন রাকেশ বসু।
ধারাবাহিকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম ও ইন্তেখাব দিনার। তাদের সঙ্গে বিভিন্ন চরিত্রে দেখা যাবে মীর রাব্বী, ডলি জহুর, মনির আহমেদ শাকিল, শিরতাজ জাহান জেবিন, আনোয়ার শাহী, মিনু রাজু, অদিতি জামান স্নেহা, তুষার খানসহ আরও অনেকে।
নাটকের গল্পে হাসান আরিফ একজন সাংবাদিক ও জনপ্রিয় কবি। বাবা রাজীব হাসান ছিলেন সরকারি হাসপাতালের চিকিৎসক। বড়লোক পরিবারের মেয়ে রেজোয়ানা চৌধুরী ভালোবেসে রাজীবকে বিয়ে করে ঘর ছেড়েছিলেন। রাজীবের মৃত্যুর পর নানা প্রতিকূলতার মধ্য দিয়ে একমাত্র সন্তান হাসানকে বড় করেন রেজোয়ানা।
একসময় হাসানের কবিতার প্রেমে পড়ে বিশ্ববিদ্যালয়পড়ুয়া মেধা। হাসানও মেধার সরলতা ও সৌন্দর্যে মুগ্ধ হন। কিন্তু মেধাকে পছন্দ করা তার সহপাঠী রূপক তাদের সম্পর্ক মেনে নিতে পারে না। ক্ষমতার জোরে সে হাসানের সঙ্গে মেধার সম্পর্ক ছিন্ন করে দেয়।
এদিকে থিয়েটার সংগঠক জামিল হোসেনের মাধ্যমে হাসানের পরিচয় হয় মমর সঙ্গে। জামিলের বাগদত্তা মম তার থিয়েটারের গুরুত্বপূর্ণ অভিনেত্রী এবং অসাধারণ আবৃত্তিশিল্পী। একইসঙ্গে তিনি আগে থেকেই কবি হাসান আরিফের কবিতার ভক্ত। ধীরে ধীরে হাসানের প্রতি মমর দুর্বলতা তৈরি হয়। বিষয়টি আঁচ করতে পেরে জামিল দ্রুত মমকে বিয়ে করে ফেলেন।
গল্পে নতুন মোড় আসে হাসানের একটি অনুসন্ধানী প্রতিবেদনের মধ্য দিয়ে। একটি প্রতিষ্ঠানের দুর্নীতি নিয়ে পত্রিকায় প্রতিবেদন প্রকাশ করে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেন তিনি। কিন্তু সেই প্রতিষ্ঠানের সঙ্গে হাসানের পত্রিকা অফিসের মালিক ও জামিলেরও সংশ্লিষ্টতা ছিল।
প্রতিবেদন প্রকাশের পর নিজেদের স্বার্থ রক্ষায় জামিলেরা হাসানের বিরুদ্ধে মিথ্যা ঘটনা সাজিয়ে তাকে গণধোলাই দেয়। ভয়াবহ ওই ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েন হাসান এবং একপর্যায়ে তার মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যায়।
প্রেম, সম্পর্কের টানাপোড়েন, ক্ষমতার অপব্যবহার, সাংবাদিকতার ঝুঁকি এবং মানুষের মানসিক বিপর্যয়ের নানা দিক নিয়ে এগিয়ে যাবে ‘চাওয়া পাওয়া’-এর গল্প।
এনটিভি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতি সপ্তাহের সোম, মঙ্গল ও বুধবার রাত ৯টা ৪০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিকটি।
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন