প্রকাশিত: ১২ ঘন্টা আগে, ০২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ
সরবরাহ সংকটের কারণে এক সপ্তাহের ব্যবধানে বেগুন, শসা, ঝিঙা, লাউ, করলাসহ বিভিন্ন সবজির দাম কেজিপ্রতি ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। একই সঙ্গে কাঁচামরিচের দামও বেড়ে ভালো মানের মরিচের কেজি ২০০ টাকায় পৌঁছেছে।
শুক্রবার (১৭ জুলাই) সকালে রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।
বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৯০ থেকে ১২০ টাকায়। করলা ৮০ থেকে ১০০ টাকা, ঝিঙা ৮০ থেকে ৯০ টাকা, চিচিঙ্গা ৭০ থেকে ৮০ টাকা, পটল ও ঢেঁড়স ৭০ থেকে ৮০ টাকা এবং শসা ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগের তুলনায় এসব সবজির দাম কেজিপ্রতি ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে।
লাউয়ের দামও বেড়েছে। সপ্তাহখানেক আগে ৬০ টাকায় বিক্রি হওয়া লাউ এখন ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে।
সবজির পাশাপাশি বেড়েছে কাঁচামরিচের দাম। কয়েক দিন আগেও প্রতি কেজি কাঁচামরিচ ১২০ টাকায় বিক্রি হলেও বর্তমানে সাধারণ মানের কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৮০ টাকায়। আর ভালো মানের কাঁচামরিচের কেজি বিক্রি হচ্ছে ২০০ টাকায়।
তবে কিছু পণ্যের দামে পরিবর্তন হয়নি। বাজারে প্রতি কেজি পেঁপে ৩০ থেকে ৪০ টাকায় এবং গাজর ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীরা জানান, টানা বৃষ্টির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে সবজির খেত পানিতে তলিয়ে যাওয়ায় উৎপাদন ব্যাহত হয়েছে। পাশাপাশি বিভিন্ন জেলা থেকে সবজিবাহী ট্রাক রাজধানীতে পৌঁছাতে বিলম্ব হওয়ায় সরবরাহ কমে গেছে। এর প্রভাব পড়েছে খুচরা বাজারে।
রাজধানীর টাউন হল বাজারের এক সবজি বিক্রেতা বলেন, ‘আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত সরবরাহ পরিস্থিতির খুব একটা উন্নতি হবে না। তবে বৃষ্টি কমলে ধীরে ধীরে বাজারে সবজির সরবরাহ বাড়বে এবং দামও কিছুটা কমে আসবে।’
অন্যদিকে ক্রেতাদের অভিযোগ, সরবরাহ সংকটের পাশাপাশি কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় অযৌক্তিকভাবে দাম বাড়িয়ে দিচ্ছেন।
ক্রেতা আনিসুজ্জামান বলেন, ‘প্রতিদিনই বাজারে নতুন দামের মুখোমুখি হতে হচ্ছে। নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য এখন নিত্যপ্রয়োজনীয় সবজি কেনাই কষ্টকর হয়ে উঠেছে। বাজারে নিয়মিত তদারকি বাড়ানো প্রয়োজন।'
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন