প্রকাশিত: ২ আগষ্ট, ২০২৬, ১০:৩৮ এ এম
অনলাইন সংস্করণ
বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। শহরটির বায়ুমান সূচক (একিউআই) ১৭৪। অন্যদিকে, ৭৩ স্কোর নিয়ে তালিকায় ৩২তম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এই স্কোর অনুযায়ী, ঢাকার বাতাসের মান ‘সহনীয়’।
রোববার (২ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে এ চিত্র দেখা যায়।
বায়ুদূষণের তালিকায় জাকার্তার পর দ্বিতীয় অবস্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। শহরটির একিউআই স্কোর ১৫৮। ১৫৪ স্কোর নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই রয়েছে তৃতীয় অবস্থানে। বাহরাইনের রাজধানী মানামা ১৪৫ স্কোর নিয়ে চতুর্থ এবং পাকিস্তানের লাহোর ১৩২ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ৫১ থেকে ১০০ হলে তা ‘সহনীয়’ বা মাঝারি মানের বায়ু হিসেবে ধরা হয়।
এ ছাড়া একিউআই স্কোর ১০১ থেকে ১৫০ হলে বায়ু ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।
বায়ুমানের এই সূচক মূলত কোনো শহরের বাতাসে দূষণের মাত্রা ও তাৎক্ষণিক স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে ধারণা দেয়। ফলে ঢাকার আজকের ৭৩ স্কোর তুলনামূলকভাবে সহনীয় হলেও বায়ুদূষণ নিয়ন্ত্রণে ধারাবাহিক পদক্ষেপের প্রয়োজন রয়েছে।
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন