প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৫:৪৭ পিএম
অনলাইন সংস্করণ
জয়পুরহাটের পুরানাপৈল এলাকায় বগির কয়েল স্প্রিং ভেঙে বিকল হয়ে পড়া রাজশাহীগামী আন্তঃনগর ‘বরেন্দ্র এক্সপ্রেস’ ট্রেনের জরুরি মেরামত সম্পন্ন হয়েছে। দীর্ঘ প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে পার্বতীপুর-সান্তাহার রুটে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে শনিবার সকাল পৌনে ৯টার দিকে ‘বরেন্দ্র এক্সপ্রেস’ ট্রেনের একটি বগির কয়েল স্প্রিং বডি ভেঙে যাওয়ার ঘটনা ঘটে। এতে ট্রেনটি মাঝপথে আটকে যাওয়ায় পার্বতীপুর-সান্তাহার রুটে সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ট্রেনটি লাইনের ওপর বিকল হয়ে পড়ায় গন্তব্যমুখী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
স্থানীয় লোকজন ও রেলওয়ে সূত্রে জানা যায়, শনিবার সকালে নীলফামারীর চিলাহাটি থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসে আন্তঃনগর ‘বরেন্দ্র এক্সপ্রেস’। ট্রেনটি পুরানাপৈল রেলগেট এলাকা অতিক্রম করার পরপরই সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে বিকট শব্দে একটি বগির কয়েল স্প্রিং বডি ভেঙে যায়। শব্দ শোনার সঙ্গে সঙ্গেই লোকোমাস্টার ট্রেনটির জরুরি ব্রেক চেপে নিরাপদ দূরত্বে থামিয়ে দেন। ফলে চলন্ত অবস্থায় এই ত্রুটি দেখা দিলেও বড় কোনো দুর্ঘটনা এবং হতাহতের ঘটনা ঘটেনি। তবে পার্বতীপুর-সান্তাহার রুটের ওপর ট্রেনটি বিকল হয়ে লাইনে আটকে থাকায় উভয় দিক থেকে সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘক্ষণ আটকে থাকায় গরমে শিশু, নারী ও বৃদ্ধসহ গন্তব্যমুখী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে রেলওয়ের সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগ, টেকনিক্যাল টিম এবং ওয়েম্যানরা ঘটনাস্থলে পৌঁছান। তারা ক্ষতিগ্রস্ত বগির স্প্রিং পর্যবেক্ষণ করে জরুরি মেরামত কাজ শুরু করেন। মেরামতের কাজ শেষ হলে ট্রেনটি প্রায় তিন ঘণ্টা পর ধীরে ধীরে দুপুর ১১টা ৫৩ মিনিটের দিকে জয়পুরহাট স্টেশনে নিরাপদে আনা হয়। এরপর লাইনটিকে ট্রেন চলাচলের জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়।
দুর্ঘটনার কারণে উত্তরবঙ্গের এই প্রধান রুটে ব্যাপক শিডিউল বিপর্যয় দেখা দেয়। বিপরীত দিক থেকে রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী ‘তিতুমীর এক্সপ্রেস’ ট্রেনটি সকাল পৌনে ১০টায় জয়পুরহাট স্টেশনে পৌঁছে আটকা পড়ে।
এ বিষয়ে জয়পুরহাট স্টেশন মাস্টার রফিক চৌধুরী বলেন, রাজশাহীগামী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটির একটি বগির স্প্রিং ভেঙে যাওয়ার পর দ্রুত ওয়েম্যান পাঠিয়ে জরুরি মেরামত সম্পন্ন করা হয়েছে। এই ঘটনায় ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে। তিতুমীর এক্সপ্রেস ট্রেন সকাল পৌনে ১০টায় এসে জয়পুরহাটে দীর্ঘক্ষণ আটকে ছিল। বরেন্দ্র এক্সপ্রেস স্টেশনে পৌঁছানোর পর লাইন ক্লিয়ার হয় এবং বর্তমানে পার্বতীপুর-সান্তাহার রুটে ট্রেন যোগাযোগ স্বাভাবিক রয়েছে।
বাংলাধারা/ডেস্ক
মন্তব্য করুন