প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৪:০০ পিএম
অনলাইন সংস্করণ
রাজশাহীর চারঘাটে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে এক জেলের জালে মাছের বদলে একটি গ্রেনেড উঠে এসেছে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ও বম্ব ডিসপোজাল ইউনিট সেটি উদ্ধার করে নিষ্ক্রিয় করে।
বুধবার (১৫ জুলাই) চারঘাটের রাওথা গ্রামে এ ঘটনা ঘটে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এসব তথ্য জানান।
তিনি জানান, রাওথা গ্রামের জেলে সাইদুর পদ্মা নদীতে মাছ ধরতে গেলে তার জালে মাছের বদলে একটি ছোট কিন্তু ভারী বস্তু উঠে আসে। কর্দমাক্ত বস্তুটিকে মূল্যবান কিছু মনে করে তিনি সেটি বাড়িতে নিয়ে যান। পরে পরিষ্কার করার সময় তার ছেলে সাব্বির রহমান গুগলে খোঁজ নিয়ে ধারণা করেন, সেটি একটি বোমা বা গ্রেনেড হতে পারে। এরপর তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান।
তিনি আরও জানান, খবর পেয়ে ৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে চারঘাট থানা, বম্ব ডিসপোজাল ইউনিট এবং জেলা পুলিশ কন্ট্রোলরুমকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জানানো হয়। ৯৯৯-এর কলটেকার কনস্টেবল ইয়াছিন আরাফাত কলটি গ্রহণ করেন। এ সময় ৯৯৯-এর পুলিশ ডিসপাচার এসআই আমিনুল ইসলাম কলার ও সংশ্লিষ্ট থানার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেন।
পরে চারঘাট থানা ও বম্ব ডিসপোজাল ইউনিটের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেডটি উদ্ধার করে। এরপর যথাযথ নিরাপত্তা প্রক্রিয়া অনুসরণ করে সেটি নিষ্ক্রিয় করা হয়।
বাংলাধারা/ডেস্ক
মন্তব্য করুন