বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ০৭:০৫ পিএম

অনলাইন সংস্করণ

বিশ্ববিদ্যালয়ে গবেষণায় বড় বিনিয়োগের পরিকল্পনা ইউজিসির, বাড়ছে পিএইচডি ফেলোশিপ

ছবি; সংগৃহিত

দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক মানের গবেষণা বৃদ্ধি ও টেকসই গবেষণাবান্ধব পরিবেশ গড়ে তুলতে পিএইচডি ও পোস্ট ডক্টরাল ফেলোশিপের সংখ্যা বৃদ্ধিসহ বড় ধরনের বিনিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
আজ ইউজিসির ১৭৯তম পূর্ণ কমিশন সভায় সভাপতির বক্তব্যে কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এসব তথ্য জানান।
সভায় চেয়ারম্যান জানান, ইউজিসির নিজস্ব পিএইচডি স্কলারশিপের সংখ্যা ৭৫টি থেকে বাড়িয়ে ১০০টিতে উন্নীত করা হয়েছে। আগামী অর্থবছর থেকে পর্যায়ক্রমে এ সংখ্যা ৫০০-তে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিদেশে পিএইচডির সুযোগ ১০টি থেকে বাড়িয়ে ৩৫টি করা হয়েছে এবং পোস্টডক্টরাল ফেলোশিপের সংখ্যা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী অর্থবছরে এ সংক্রান্ত বিশেষ বরাদ্দের প্রস্তাব সরকারের কাছে পেশ করা হবে।
অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোতে গুণগত শিক্ষক সংকট মোকাবিলায় অভ্যন্তরীণ ও বিদেশি পিএইচডির সুযোগ সম্প্রসারণ জরুরি। ইউজিসির লক্ষ্য হলো গবেষণাকে বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান কার্যক্রমে পরিণত করা এবং গবেষণালব্ধ ফলাফলকে দেশের বাস্তব সমস্যা সমাধান, শিল্প ও অর্থনীতির উন্নয়নের সাথে যুক্ত করা।’
তিনি আরো বলেন, ভবিষ্যতে গবেষণায় বিনিয়োগকে কৌশলগত ও ফলাফলভিত্তিক করা হবে এবং যে বিশ্ববিদ্যালয় গবেষণা ও জ্ঞানভিত্তিক অর্থনীতিতে কার্যকর অবদান রাখবে, তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে অর্থায়ন করা হবে।
সভায় ‘ইউজিসি প্রমোশনাল অ্যান্ড একাডেমিক স্টাফ ডেভেলপমেন্ট গবেষণা প্রকল্প নীতিমালা, ২০২৬’ অনুমোদন দেওয়া হয়।
সভায় ইউজিসি সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, অধ্যাপক মো. মেহেদী হাসান খান, অধ্যাপক ড. মো. আসলাম হোসেন এবং অধ্যাপক ড. নিয়াজ আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন।
এছাড়া জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আতিকুর রহমান, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকত আলী, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জাকির হুসাইন এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জিয়াউর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন।
সভায় কার্যপত্র উপস্থাপন করেন ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলাম।

বাংলাধারা/ডেস্ক

মন্তব্য করুন